৩ ওষুধ রপ্তানিকারককে বিশেষ সুযোগ
বাংলাদেশে এই প্রথম আমদানি ও রপ্তানি পণ্য কায়িক বা দালিলিক পরীক্ষা ছাড়াই খালাস করার সুযোগ দিয়েছে সরকার।
এ সুযোগ পেয়েছে দেশের শীর্ষ তিন ওষুধ উৎপাদন ও রপ্তানিকারক প্রতিষ্ঠান বেক্সিমকো, স্কয়ার ও ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস।
জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) বুধবার এক পরিপত্র জারি করে এই তিন কোম্পানিকে ‘গ্রিন চ্যানেল’ নামে এই সুযোগ দিয়েছে।
সরকারের এই সিদ্ধান্তকে ‘অসাধারণ’ বলেছেন একটি ওষুধ কোম্পানির চেয়ারম্যান।
এনবিআর বলছে, বাণিজ্য উদারীকরণ ও পণ্য খালাস প্রক্রিয়া দ্রুততর করার লক্ষ্যে এ সুযোগ দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। দীর্ঘদিন ধরে উত্তম চর্চাকারী প্রতিষ্ঠানগুলোকে এই সুযোগ দেওয়া হল।
বাণিজ্য উদারীকরণ এবং পণ্য খালাস প্রক্রিয়া দ্রুত করতে উন্নত নৈতিকতার প্রতিষ্ঠান হিসেবে স্কয়ার, বেক্সিমকো ও ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস আগামী ছয় মাস এই সুবিধা পাবে। এজন্য তাদের পরীক্ষামূলক ‘অথরাইজড ইকোনমিক অ্যাক্রেডিটেশন’ সনদ দেওয়া হয়েছে।
সরকারের সিদ্ধান্তে উচ্ছ্বসিত ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালসের চেয়ারম্যান আব্দুল মোক্তাদির বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সরকারের পক্ষ থেকে এটা একটা অসাধারণ সিদ্ধান্ত। ফার্মাসিউটিক্যালস একটি শৃঙ্খলাপূর্ণ খাত হিসেবে আমরা প্রথম এই সুযোগ পেয়েছি বলে আমি মনে করি।”
দেশের ৯৮ শতাংশ চাহিদা পূরণ করে বাংলাদেশে উৎপাদিত ওষুধ যুক্তরাষ্ট্রসহ বিশ্বের ১৪৫টি দেশে রপ্তানি হচ্ছে।
চলতি অর্থবছরের প্রথম তিন মাসে প্রায় তিন কোটি ডলারের ওষুধ রপ্তানি হয়েছে, যা গত অর্থবছরের একই সময়ের তুলনায় প্রায় ১৭ শতাংশ বেশি।
গত ২০১৮-১৯ অর্থবছরে ১৩ কোটি ডলারের ওষুধ রপ্তানি করেছিল বাংলাদেশ। তার আগের অর্থবছরে ওষুধ রপ্তানি থেকে আয় হয়েছিল ১০ কোটি ৩৪ লাখ ডলার।
এনবিআরের নতুন সুযোগ বাংলাদেশের রপ্তানিতে আরও গতি আনবে বলে মনে করেন বাংলাদেশ ওষুধ শিল্প সমিতির উপদেষ্টা মোক্তাদির।
এনবিআর দেশের আমদানি-রপ্তানিকারক প্রতিষ্ঠানগুলোকে তিন ভাগ ভাগ করেছে। উত্তম চর্চাকারী ব্যবসা প্রতিষ্ঠানকে ‘গ্রিন’ শ্রেণিভুক্ত করা হয়েছে। বাকি দুটি শ্রেণি হচ্ছে লাল ও হলুদ। হলুদ শ্রেণিভুক্ত প্রতিষ্ঠানগুলোর পণ্যের দলিলপত্র এবং লাল শ্রেণিভুক্তগুলোর কায়িক ও দলিলপত্র পরীক্ষা করা হয়।
