২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

স্বর্ণসহ ৫ রপ্তানি পদক পেল প্রাণ-আরএফএল

রপ্তানিতে অবদানের জন্য সেরা রপ্তানিকারকের পুরস্কার পেয়েছে বাংলাদেশের শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠান প্রাণ-আরএফএল গ্রুপের পাঁচ প্রতিষ্ঠান।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Sep 2019, 04:59 PM

Updated : 10 Oct 2022, 09:20 PM

কৃষি প্রক্রিয়াজাত পণ্য, প্লাস্টিক পণ্য ও লাইট ইঞ্জিনিয়ারিং পণ্য রপ্তানিতে ভূমিকা রাখায় বাণিজ্য মন্ত্রণালয় এই পাঁচ প্রতিষ্ঠানকে স্বর্ণসহ পাঁচটি রপ্তানি পদক দিয়েছে

রোববার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাতীয় রপ্তানি ট্রফি ২০১৬-১৭ বিতরণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে রপ্তানি পদক গ্রহণ করেন প্রাণ-আরএফএল গ্রুপের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী আহসান খান চৌধুরী, প্রাণ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ইলিয়াছ মৃধা, আরএফএল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আরএন পাল, অলপ্লাস্ট বাংলাদেশ লিমিটেডের প্রধান পরিচালন কর্মকর্তা সাঈদ হোসেন চৌধুরী ও প্রাণ-আরএফএল গ্রুপের পরিচালক (কর্পোরেট ফাইন্যান্স) উজমা চৌধুরী।

সর্বোচ্চ রপ্তানিকারক হিসেবে এ নিয়ে টানা ১৬ বার সেরা রপ্তানিকারকের পুরস্কার অর্জন করলো প্রাণ-আরএফএল গ্রুপ।

২০১৬-১৭ অর্থবছরের এগ্রো প্রসেসিং খাতে (তামাকজাত পণ্য ব্যতীত) সেরা রপ্তানিকারক হিসেবে প্রাণ এগ্রো লিমিটেড স্বর্ণপদক ও হবিগঞ্জ এগ্রো লিমিটেড ব্রোঞ্জ পদক অর্জন করে।

অপরদিকে প্লাস্টিক পণ্য রপ্তানিতে রৌপ্য ও ব্রোঞ্জ পদক পেয়েছে আরএফএল গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান ডিউরেবল প্লাস্টিকস লিমিটেড ও অলপ্লাস্ট বাংলাদেশ লিমিটেড। আর লাইট ইঞ্জিনিয়ারিং পণ্য রপ্তানিতে রৌপ্য পদক পেয়েছে রংপুর মেটাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড।

প্রাণ-আরএফএল গ্রুপের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রাণ গ্রুপ ১৯৯৭ সালে ফ্রান্সে অ্যাগ্রো প্রসেসিং পণ্য রপ্তানির মাধ্যমে বৈদেশিক বাণিজ্যে পা রাখে। বর্তমানে বিশ্বের ১৪১টি দেশে প্রাণ-আরএফএল এর পণ্য পাওয়া যাচ্ছে।

গ্রুপের বিপণন পরিচালক কামরুজ্জামান কামাল বলেন, “আমাদের ব্র্যান্ডের ওপর বিশ্বব্যাপী ভোক্তাদের আস্থা রাখার জন্য এসব পদক পাওয়া সম্ভব হয়েছে। প্রাণ-আরএফএল গ্রুপ সবসময় ক্রেতাদের চাহিদানুয়ায়ী পণ্য তৈরি করে থাকে। সেরা রপ্তানিকারক পদক প্রাপ্তিতে আমরা গর্বিত।”

তিনি বলেন, প্রাণ-আরএফএল পণ্যের সবচেয়ে বড় বাজার ভারত ও মধ্যপ্রাচ্য। এছাড়া আফ্রিকা, ইউরোপ, উত্তর ও দক্ষিণ আমেরিকাসহ বিশ্বের প্রায় সব প্রান্তেই প্রাণ-আরএফএল পণ্য পৌঁছে গেছে।