হারপিকে এডিস মশার লার্ভা ধ্বংস হয় না: রেকিট বেনকিজার
ড্রেনে টয়লেট ক্লিনিং লিকুইড অথবা ব্লিচিং পাউডার ঢাললে ডেঙ্গু মশার লার্ভা ধ্বংস হবে- সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন প্রচারণাকে ‘অবৈজ্ঞানিক’ বলে উড়িয়ে দিয়েছে রেকিট বেনকিজার।
প্রতিষ্ঠানটির ‘হারপিক’ ব্রান্ডের টয়লেট ক্লিনিং লিকুইড ও পাউডার জনপ্রিয়।
ডেঙ্গুর বিস্তারের মধ্যে সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে এডিস মশার লার্ভা ধ্বংসের জন্য একযোগে বেসিনে বা ড্রেনে টয়লেট ক্লিনিং লিকুইড ও ব্লিচিং পাউডার ঢালার কথা চাউর হয়।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে রেকিট বেনকিজার বৃহস্পতিবার বলেছে, “একটি দায়িত্বশীল কোম্পানি হিসেবে আমরা দৃঢ়ভাবে বলতে চাই, এটি সম্পূর্ণ গুজব এবং এর কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই। অনুগ্রহ করে ড্রেনে অপ্রয়োজনীয় কারণে টয়লেট ক্লিনার অথবা ব্লিচিং পাউডার ব্যবহার করা থেকে বিরত থাকুন”।
ডেঙ্গু মোকাবেলায় সরকার নির্দেশিত নীতিমালা অনুসরণ করার জন্য সবাই আহ্বান জানিয়েছে তারা।
