‘বিক্রি কমেছে’ পাস্তুরিত দুধের
পাস্তুরিত দুধ উৎপাদন-বিক্রি বন্ধে উচ্চ আদালতের নির্দেশের পর বাজারে প্রয়োজনীয় এই খাদ্যপণ্যটির সঙ্কট দেখা না দিলেও বিক্রিতে টান পড়ার কথা জানিয়েছেন বিক্রেতারা।
পাড়া-মহল্লার খুচরা বিক্রতারা বলছেন, কয়েকদিন ধরে প্যাকেটজাত তরল দুধ নিয়ে গণমাধ্যমে নেতিবাচক খবর আসায় তাদের বিক্রি কিছুটা কমে গেছে।
এক রিট আবেদনের প্রেক্ষিতে হাই কোর্ট গত ১৪ জুলাই বাজারে থাকা বিএসটিআই অনুমোদিত সব কোম্পানির পাস্তুরিত দুধ পরীক্ষার নির্দেশ দেয়। সেই প্রতিবেদন রোববার হাই কোর্টে জমা পড়ে। সেখানে দেখা যায়, ১৪ কোম্পানির দুধের সবগুলোতেই এন্টিবায়োটিকের উপস্থিতি রয়েছে। আর ১০টি কোম্পানির দুধে গ্রহণযোগ্য মাত্রার বেশি সীসার উপস্থিতি পাওয়া গেছে।
এরপরই হাই কোর্ট ১৪ কোম্পানির পাস্তুরিত দুধ উৎপাদন, সরবরাহ ও বিপণন পাঁচ সপ্তাহের জন্য বন্ধ রাখার আদেশ দেয়।
তবে সোমবার মিল্ক ভিটা এবং মঙ্গলবার প্রাণ ডেইরি ও আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের আবেদনে তাদের পাস্তুরিত দুধ উৎপাদন, বিক্রির নিষেধাজ্ঞা স্থগিত করে চেম্বার আদালত। ফলে এই কোম্পানির দুধ বাজারজাতে কোনো বাধা নেই।
মঙ্গলবার রাজধানীর মিরপুর, আগারগাঁও, শ্যামলী, আদাবর, মোহাম্মদপুর এলাকায় ঘুরে দেখা গেছে, প্রতিটি মুদি দোকানেই রয়েছে মিল্ক ভিটার পাস্তুরিত দুধ। কিছু কিছু দোকানে তিন দিন আগের আড়ং দুধও রয়েছে।
শ্যামলী কাজী অফিস মোড়ে মুদি দোকানি ওবায়েদুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সোমবার আড়ং দুধ না আনলেও মিল্ক ভিটার লোকজন দুধ নিয়ে এসেছে। তার দোকানে পর্যাপ্ত দুধ আছে। তাই মঙ্গলবার মিল্ক ভিটা দুধ নিয়ে আসলেও তিনি রাখেননি।
তবে বিক্রি কমার কথা জানিয়ে তিনি বলেন, “কয়েকদিন আগেও দিনে ১০ থেকে ১৫ লিটার দুধ বিক্রি হত। এখন ৫ লিটার দুধও বিক্রি হয় না।”
মোহাম্মদপুর বাবর রোডে শাহীন জেনারেল স্টোরের দোকানি জানান, দুধে অ্যান্টিবায়োটিক, সীসাসহ ক্ষতিকর উপাদান পাওয়ার খবর আসার পর তিনি বিপণন বন্ধ করেছেন। নিজেও দুধ খাচ্ছেন না, বিক্রিও করছেন না।
এসব খবর প্রকাশের আগে তার দোকানে প্রতিদিন মিল্ক ভিটা ও আড়ংয়ের ৫/৬ লিটার দুধ বিক্রি হতো বলে জানান তিনি।
এই দোকানের সামনে আরিফুর রহমান নামের এক ক্রেতা বলেন, “মানুষ এখনও হুজুগ আর গুজবে বেশি বিশ্বাস করে। নানা খবরের মধ্যে কোনটা সত্য কোনটা মিথ্যা তাও নিশ্চিত হওয়া যায়না।
“দুধে যেভাবে ক্ষতিকারক উপাদানের কথা শোনা যাচ্ছে তাতে খাওয়া বন্ধ রাখাই উচিত। কারণ দুধ কিছুদিন বন্ধ রাখলে কোনো ক্ষতি নেই।”
অবশ্য দুধের ভোক্তা কমে গেলে গরুর খামারিরা ক্ষতিগ্রস্ত হবে বলেও মনে করেন আরিফ।
একই চিত্র দেখা গেছে মিরপুর-২, মোহাম্মদপুর, আগারগাঁওসহ রাজধানীর বিভিন্ন এলাকায়।
বিক্রি কমার কথা জানিয়েছে মিল্ক ভিটাও।
প্রতিষ্ঠানটির জনসংযোগ কর্মকর্তা শাহ মো. মোজাহেদুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, প্রতিদিন এক লাখ ৮০ হাজার লিটার করে দুধ বিপণণের লক্ষ্য নিয়ে তারা বছর শুরু করেছিলেন।
“সম্প্রতি দুধ নিয়ে বিভিন্ন নেতিবাচক রিপোর্ট প্রকাশ হওয়ার পর তা কমতে শুরু করে। সর্বশেষ গত রোববার যেদিন আদালত থেকে নিষেধাজ্ঞার রায় আসে সেদিন বিপণন হয়েছে মাত্র ৭৬ হাজার লিটার দুধ।”
নিষেধাজ্ঞা স্থগিত হওয়ার পরও সোমবার এক লাখ ১০ হাজার লিটার দুধ বিপণন হয়েছে বলে জানান তিনি।
ঢাকা ছাড়াও সিলেট, চট্টগ্রাম ও খুলনায় দুধ বিপণন করে মিল্ক ভিটা।
এই কথা বরেছেন বাজারে পাস্তুরিত দুধের আরেক অংশীদার প্রাণের মার্কেটিং বিভাগের পরিচালক কামরুজ্জামান কামাল।
তার ভাষ্য, ১২ হাজার চুক্তিবদ্ধ খামারির কাছ থেকে প্রতিদিন দেড় লাখ লিটার দুধ বিপণন করছেন তারা। সম্প্রতি বিভিন্ন নেতিবাচক খবর প্রকাশ হওয়ার পর এই বিপণন অনেক কমে গেছে।
তবে বিপণন কতটুকু কমেছে তার কোনো হিসাব তিনি দেননি।
