২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাড়ি নির্মাণে ইজি বিল্ডের ক্রেতাদের ঋণ দেবে আইডিএলসি

বাংলাদেশের শীর্ষ স্থানীয় ব্যবসায়ী গ্রুপ প্রাণ-আরএফএল গ্রুপের রিটেইল চেইন শপ ইজি বিল্ডের ক্রেতাদের বাড়ি নির্মাণের জন্য ঋণ সহায়তা দেবে আর্থিক প্রতিষ্ঠান আইডিএলসি ফাইন্যান্স লিমিটেড।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 May 2019, 07:44 PM

Updated : 18 Aug 2022, 05:15 PM

বুধবার রাজধানীর গুলশানে আইডিএলসির প্রধান কার্যালয়ে প্রাণ-আরএফএল গ্রুপের পরিচালক (কর্পোরেট ফাইন্যান্স) উজমা চৌধুরী এবং আইডিএলসি ফাইন্যান্সের উপ ব্যবস্থাপনা পরিচালক জামাল উদ্দিন এ সংক্রান্ত এক চুক্তিতে সই করেছেন।

প্রাণ-আরএফএল গ্রুপের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

চুক্তি সই অনুষ্ঠানে উজমা চৌধুরী বলেন, “অনেকই রয়েছেন যাদের বাড়ি নির্মাণের জন্য ঋণ সহায়তা প্রয়োজন। আগ্রহী ব্যক্তিরা ইজি বিল্ডে আসলে আমরা আইডিএলসির মাধ্যমে তাদের ঋণ পেতে প্রয়োজনীয় সহায়তা করব।”

জামাল উদ্দিন বলেন, “আর্থিক প্রতিষ্ঠানের মধ্যে আইডিএলসি গ্রাহকদের জন্য আকর্ষনীয় গৃহঋণ প্রদান করছে। এই চুক্তির ফলে আমরা আমাদের গ্রাহকদের ইজিবিল্ড থেকে বাড়ি নির্মাণ সামগ্রী ক্রয়ে উৎসাহ দেব।”

অনুষ্ঠানে ইজি বিল্ডের হেড অব সেলস সিরাজুল গণি মঞ্জু, সিনিয়র ব্র্যান্ড ম্যানেজার এমদাদুল ইসলাম, আইডিএলসি ফাইন্যান্সের জেনারেল ম্যানেজার মেজবাহ উদ্দীন আহমেদ এবং ডেপুটি জেনারেল ম্যানেজার মেহজাবিন বিনতে রহমান উপস্থিত ছিলেন।

২০১৬ সালে যাত্রা শুরু করে বাড়ি নির্মাণে রিটেইল চেইন শপ ইজি বিল্ড।

ইজি বিল্ডের শোরুমে এখন পানি ও গ্যাস সরবরাহ, স্যানিটারি, বৈদ্যুতিক, কিচেন, নিরাপত্তা সরঞ্জাম, নির্মাণ ও অন্যান্য- এমন সাতটি ক্যাটাগরিতে বাড়ি নির্মাণের প্রয়োজনীয় তিন হাজার ধরনের পণ্য পাওয়া যাচ্ছে।

রাজধানীর রামপুরা, বাড্ডা, মিরপুর, যাত্রাবাড়ি, উত্তরা ও সাভার এবং ঢাকার বাইরে কুমিল্লা, বগুড়া ও রংপুরসহ দেশের বিভিন্ন স্থানে ইজি বিল্ড- এর ১৬টি শোরুম চালু রয়েছে।