২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তিন বছরে নতুন গাড়ি নামার হার বেড়ে ‘তিনগুণ’

গত তিন থেকে সাড়ে তিন বছরে বাংলাদেশের রাস্তায় নতুন গাড়ি নামার হার বেড়ে তিনগুণ হওয়ার তথ্য দিয়েছেন এই খাতের একজন ব্যবসায়ী।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Mar 2019, 08:24 PM

Updated : 18 Aug 2022, 04:56 PM

আগামী ১৪ মার্চ থেকে অনুষ্ঠেয় ‘ঢাকা মোটর শো’ উপলক্ষে মঙ্গলবার পুরানা পল্টনের ইকোনমিক রিপোর্টার্স ফোরামে এক সংবাদ সম্মেলনে আরইএল মটরস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক রিয়াদ হাসনাইন একথা বলেন।

তিনি বলেন, “বাংলাদেশের রাস্তায় প্রতিদিন নতুন ৬৩টি গাড়ি নামছে। গত তিন থেকে সাড়ে তিন বছরে দিনে নতুন গাড়ি নামার সংখ্যা বেড়ে তিনগুণ হয়েছে।

Image
নতুন গাড়ির ৭০ শতাংশই ঢাকার রাস্তায় নামলে বলে জানিয়েছেন একজন গাড়ি ব্যবসায়ী

নতুন গাড়ির ৭০ শতাংশই ঢাকার রাস্তায় নামলে বলে জানিয়েছেন একজন গাড়ি ব্যবসায়ী

“নতুন যেসব গাড়ি বিক্রি হচ্ছে এর মধ্যে কেবল ঢাকায় ৭০ শতাংশ, এরপর চট্টগ্রাম বিভাগে ২০ শতাংশ এবং অন্যান্য এলাকায় বাকি ১০ শতাংশ গাড়ি বিক্রি হয়।”

আরইএল মটরস খ্যাতনামা ব্র্যান্ড সুবারুর গাড়ি বাংলাদেশে বাজারজাত করছে। সুবারুর ডিস্ট্রিবিউটর হওয়ার আগে গত বছর এপ্রিল থেকে ছয় মাস বাংলাদেশে গাড়ির বাজার নিয়ে সমীক্ষা চালানো হয় বলে জানান রিয়াদ হাসনাইন।

সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান থেকে ডেটা সংগ্রহ করে তা বিশ্লেষণে বাংলাদেশে নতুন গাড়ি নামার বিষয়ে ওই তথ্য বেরিয়ে আসে বলে জানান তিনি।

প্রদর্শনীতে সুবারু বাংলাদেশ অন্যান্য ব্র্যান্ডের গাড়ির সাথে বিশেষভাবে রাখছে সুবারু বিআরজেড-২০১৯ মডেলের গাড়ি।

নতুন মডেলের বাইক-গাড়ির প্রদর্শনী শুরু ১৪ মার্চ