নতুন মডেলের বাইক-গাড়ির প্রদর্শনী শুরু ১৪ মার্চ
বিভিন্ন ব্র্যান্ডের নতুন মডেলের গাড়ি ও এর যন্ত্রাংশ নিয়ে ঢাকায় তিন দিনের প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।
আগামী ১৪ থেকে ১৬ মার্চ বসুন্ধরার ইন্টারন্যাশনাল কনভেনশন সিটিতে (বিআইসিসি) এই প্রদর্শনী হবে বলে আয়োজক প্রতিষ্ঠান সেমস গ্লোবাল জানিয়েছে।
মঙ্গলবার পুরানা পল্টনের ইকোনমিক রিপোর্টার্স ফোরামে এক সংবাদ সম্মেলনে সেমস গ্লোবালের প্রেসিডেন্ট মেহেরুন এন ইসলাম বলেন, “প্রদর্শনীর মধ্যে রয়েছে ‘১৪তম ঢাকা মোটর শো’, ‘পঞ্চম ঢাকা বাইক শো’, ‘চতুর্থ ঢাকা অটোপার্টস শো’ এবং ‘তৃতীয় ঢাকা কমার্শিয়াল অটোমোটিভ শো’।”
ঢাকা মোটর শো বাংলাদেশের অটোমোটিভ শিল্পের ‘একমাত্র’ আন্তর্জাতিক প্রদর্শনী বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।
মেহেরুন বলেন, “এ প্রদর্শনী নতুন যানবাহন ও দ্রুত বর্ধনশীল অটোমোটিভ বাজার বৃদ্ধির জন্য একটি প্ল্যাটফর্ম। এ প্রদর্শনী বাংলাদেশে অটো শিল্পের ব্যবসার জন্য গত ১৩ বছর ধরে এক নতুন মাইলফলক হিসেবে কাজ করে যাচ্ছে।”
এবারের প্রদর্শনীতে ১৬টি দেশের ২৬৫টি প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। চারটি প্রদর্শনীর জন্য বাংলাদেশসহ বিশ্বের অন্যান্য দেশের এসব প্রতিষ্ঠানের জন্য থাকছে ৫৮০টি বুথ।
বাংলাদেশের রাস্তায় প্রতিদিন নতুন ৬৩টি গাড়ি নামছে জানিয়ে সংবাদ সম্মেলনে গাড়ি বিক্রেতা প্রতিষ্ঠান সুবারু বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক রিয়াদ হাসনাইন বলেন, গত তিন থেকে সাড়ে তিন বছরে নতুন গাড়ি নামার সংখ্যা বেড়ে তিনগুণ হয়েছে।
“নতুন যেসব গাড়ি বিক্রি হচ্ছে এর মধ্যে কেবল ঢাকায় ৭০ শতাংশ, এরপর চট্টগ্রাম বিভাগে ২০ শতাংশ এবং অন্যান্য এলাকায় বাকি ১০ শতাংশ গাড়ি বিক্রি হয়।”
প্রদর্শনীতে সুবারু বাংলাদেশ অন্যান্য কার ব্র্যান্ডের সাথে বিশেষভাবে রাখছে সুবারু বিআরজেড-২০১৯ মডেলের গাড়ি। হাওজু প্রদর্শন করবে নতুন আকর্ষণীয় মোটরবাইক ডিআর-১৬০।
রেনকন মোটরস বাইকস লিমিটেডের (সুজুকি) হেড অব সেলস এ কে এম তৌহিদুর রহমান বলেন, “এবারের প্রদর্শনীতে গতবারের চেয়ে আরো বেশি আকর্ষণীয় মডেলের গাড়ি থাকছে। সুজুকি নতুন নতুন মডেলের মোটরসাইক নিয়ে আসছে।”
প্রদর্শনীতে দর্শনার্থীদের জন্য বিনামূল্যে মোটরবাইক চালানো শেখার সুযোগ থাকছে।
এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশন লিমিটেডের এজিএম ফায়াজ এইচ চৌধুরী বলেন, গতবারের মতো এবার মোটর শোতে গ্রাহকদের জন্য ‘স্পেশাল’ অফার থাকছে।
এছাড়াও এবারের মোটর প্রদর্শনীতে নতুন আকর্ষণ থাকছে জানিয়ে মেহেরুন বলেন, “শোগুলোতে অনেক স্বনামধন্য আর্থিক প্রতিষ্ঠান বিভিন্ন ধরনের অটোমোবাইল ঋণের আকর্ষণীয় অফার নিয়ে অংশগ্রহণ করছে।”
বাংলাদেশের বাজারে যানবাহন আমদানি, স্বয়ংক্রিয় যন্ত্রাংশ এবং আনুষঙ্গিকগুলোর চাহিদা ‘ব্যাপকভাবে’ বৃদ্ধি পেয়েছে বলে জানান তিনি।
“এ বিষয়টি মাথায় রেখে প্রদর্শনীতে থাকছে ব্র্যান্ড নিউ মোটর বাইক, স্কুটার, নতুন গাড়ি, স্পোর্টস ইউটিলিটি যানবাহন, মাল্টি ইউটিলিটি যানবাহন, বাণিজ্যিক যানবাহন, বাস, ট্রাক, থ্রি হুইলার, বিকল্প শক্তি চালিত যানবাহন।”
এছাড়াও প্রদর্শনীত থাকছে স্বয়ংক্রিয় সামগ্রী, খুচরা যন্ত্রাংশ, গ্যারেজ ও গ্যারেজের সরঞ্জাম, বীমা পণ্য ও পরিসেবা, অটো ফাইন্যান্স অ্যান্ড লিজিং, আইটি ও লুব্রিকেন্ট, সিএনজি কিট, টায়ার ও হুইল, ডিজাইন ধারণা, অটো ইলেক্ট্রনিক্স।
ঢাকা মোটর শো’র গোল্ডেন স্পন্সর সুবারু, ঢাকা বাইক শো’র প্লাটিনাম স্পন্সর সুজুকি মোটর বাইকস এবং গোল্ডেন স্পন্সর কর্ণফুলী (হাওজু)। এছাড়া ঢাকা কমার্শিয়াল অটোমোটিভ শো’র প্লাটিনাম স্পন্সর এনার্জিপ্যাক (আনকাই ও জ্যাক)।
সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে সেমস গ্লোবাল বাংলাদেশের নির্বাহী পরিচালক তানভীর কামরুল ইসলাম ও প্রতিষ্ঠানটির হেড অব মার্কেটিং অ্যান্ড কমিউনিকেশনস নাঈম শরীফ উপস্থিত ছিলেন।
শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন ১৪ মার্চ সকাল ১১টায় প্রদর্শনীর উদ্বোধন করবেন।
প্রতিদিন সকাল সাড়ে ১০টা থেকে রাত সাড়ে ৮টা নাগাদ প্রদর্শনী সবার জন্য উন্মুক্ত থাকবে।
