প্রাণ ইন্ডাস্ট্রিয়াল পার্কে ইইউ প্রতিনিধিদল
বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) চার্জ দ্য অ্যাফেয়ার্স কন্সটানটিনস ভারদাকিসের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি প্রতিনিধিদল নরসিংদীতে প্রাণ ইন্ডাস্ট্রিয়াল পার্ক পরিদর্শন করেছেন।
বৃহস্পতিবার প্রতিনিধিদল প্রাণ ইন্ডাস্ট্রিয়াল পার্কে ডেইরি, বেকারি পণ্য, ফ্রোজেন ফুড এবং ক্যান্ডিসহ বিভিন্ন উৎপাদন প্রক্রিয়া ঘুরে দেখেন বলে প্রাণের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
প্রাণ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ইলিয়াছ মৃধা, হেড অব কোয়ালিটি কন্ট্রোল এস এম মারুফ কবীর, প্রাণ ডেইরির নির্বাহী পরিচালক মো. মনিরুজ্জামান এবং প্রাণ ইন্ডাস্ট্রিয়াল পার্কের জেনারেল ম্যানেজার তনুল ইসলাম প্রতিনিধিদলের সদস্যদের পার্কের বিভিন্ন বিষয় তুলে ধরেন।
প্রতিনিধিদল কারখানার সার্বিক কর্মকান্ডে সন্তোষ প্রকাশ করেন বলেও বিজ্ঞপ্তিতে জানায় প্রাণ।
ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোতে প্রাণের পণ্য প্রসারে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলে আশ্বাস দেন প্রতিনিধিদলের সদস্যরা।
ইলিয়াছ মৃধা বলেন, “ইইউ প্রতিনিধিদলের প্রাণের কারখানা পরিদর্শনে আমরা অত্যন্ত আনন্দিত। তারা বাংলাদেশে বিশ্বমানের কারখানা দেখে সন্তোষ প্রকাশ করেছেন; যা আমাদের জন্য গর্বের বিষয়।”
প্রতিনিধিদলে ইউরোপীয় ইউনিয়নের বাণিজ্য উপদেষ্টা আবু সৈয়দ বেলাল, ঢাকায় ফ্রান্স দূতাবাসের ইকোনমিক কাউন্সিলর পিয়েরে হেনরি লেনফ্যান্ট, ইকোনমিক অ্যাটাশে জুলিয়েন ডেউর এবং ঢাকায় সুইডেন দূতাবাসের রাজনৈতিক, বাণিজ্যিক ও যোগাযোগ শাখার প্রধান ইলভা ফেসটিন উপস্থিত ছিলেন।
