অ্যাক্রেডিটেশন সনদ পাচ্ছে ১৫ প্রতিষ্ঠান
বাংলাদেশ অ্যাক্রেডিটেশন বোর্ডের (বিএবি) সনদ পেতে যাচ্ছে সরকারি-বেসরকারি ও বহুজাতিক ১৫টি টেস্টিং ল্যাবরেটরি ও পরিদর্শন প্রতিষ্ঠান।
বৃহস্পতিবার শিল্প মন্ত্রণালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রতিনিধিদের কাছে বিএবির সনদ তুলে দেবেন বলে শিল্প মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
সনদের জন্য নির্বাচিত প্রতিষ্ঠানগুলো মধ্যে রয়েছে ইউনাইটেড হাসপাতাল এবং ল্যাব এইড হাসপাতালের ল্যাবরেটরি, বিএসটিআইর ন্যাশনাল মেট্রোলজি ল্যাবরেটরি, আণবিক শক্তি কমিশন ল্যাবরেটরি, ওষুধ প্রশাসন অধিদপ্তর ল্যাবরেটরি এবং বাংলাদেশ সেনাবাহিনীর ল্যাবরেটরি।
এছাড়া বহুজাতিক কোম্পানির মধ্যে এসজিএস বাংলাদেশ লিমিটেড এবং তুরস্কভিত্তিক টেমাকোস ফ্যাশন ওয়্যার ল্যাবরেটরিকে সনদ দেওয়া হবে।
আর বেসরকারি শিল্পল্যাব ক্যাটাগরিতে ওয়ালটন বিডি লিমিটেড এবং প্রাণ বেভারেজ ল্যাবরেটরি পাচ্ছে সরকারি এই সনদ।
প্রতিযোগিতামূলক বিশ্ববাজারে পণ্য ও সেবা আমদানি কিংবা রপ্তানির ক্ষেত্রে বিভিন্ন ধরনের কারিগরি ও অশুল্ক প্রতিবন্ধকতা আরোপ করা হয়ে থাকে। এসব প্রতিবন্ধকতা দূরীকরণে বিশ্বব্যাপী একটি স্বীকৃত ও গ্রহণযোগ্য ব্যবস্থা হলো অ্যাক্রেডিটেশন।
এসজিএস বাংলাদেশের হেড অব মার্কেটিং মাহফুজুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম জানান, বাংলাদেশ থেকে বিশ্বের বিভিন্ন দেশে রপ্তানি হওয়া পণ্যের মান নির্ধারণে আন্তর্জাতিক সম্প্রদায়ের স্বীকৃত আএসও সনদসহ বিভিন্ন ধরনের সনদ দিয়ে থাকে এসজিএস।
বাংলাদেশ সরকারের স্বীকৃত প্রতিষ্ঠান হিসাবে তৈরি পোশাক কারখানা, তেল, গ্যাস, রাসায়নিক পণ্যের আন্তর্জাতিক সনদ দিয়ে থাকেন তারা। এখন নতুন করে খাদ্যপণ্যের আন্তর্জাতিক মান নির্ণয়ের সনদ দিতে বাংলাদেশ অ্যাক্রেডিটেশন বোর্ডের তালিকাভুক্ত হচ্ছে এসডিএস।
