২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রবাসী প্রকৌশলীদের সম্মেলন উপলক্ষে ঢাকায় প্রস্তুতি সভা

প্রবাসে বসবাসরত বাংলাদেশি প্রকৌশলীদের নিয়ে আগামী বছরের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য ‘কনভেনশন অব এনআরবি ইঞ্জিনিয়ারস’ (সিওএনই) সম্মেলনের প্রস্তুতি হিসেবে এবার ঢাকায় সভা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Dec 2018, 09:31 PM

Updated : 19 Aug 2022, 03:04 PM

সম্মেলন উপলক্ষে শনিবার সকাল ১১টায় রাজধানী ঢাকায় ম্যাক্স গ্রুপের কার্যালয়ে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সভাটি সম্মেলনের লাইভ স্ট্রিমিং পার্টনার ‘লাইভ টু ওয়েব’ এর মাধ্যমে সরাসরি সম্প্রচার হয়।

দক্ষতাকে দেশের উন্নয়ন কর্মকাণ্ডে কাজে লাগাতে সিওএনই সম্মেলন আয়োজন করা হচ্ছে, যাতে বিশ্বের ১৩টি দেশ থেকে প্রবাসী প্রকৌশলীদের অংশ নিবেন বলে আয়োজকরা আশা করছেন।

ব্রিজ টু বাংলাদেশ (বিটুবি) এর আয়োজনে এবং ম্যাক্স গ্রুপের পৃষ্ঠপোষকতায় আগামী বছরের ২৬ ও ২৭ ফেব্রুয়ারি রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে সম্মেলনটি অনুষ্ঠিত হবে।

আয়োজক কমিটির চেয়ারম্যান নাজমুল উল্লাহর সঞ্চালনায় প্রস্তুতি সভায় আলোচনায় অংশ নেন ম্যাক্স গ্রুপের নির্বাহী পরিচালক কাজী ইয়ামিনুর রশিদ তুর্য, ব্রিজ টু বাংলাদেশের ভাইস চেয়ারম্যান শন চৌধুরী, আয়োজক কমিটি নির্বাহী সদস্য এনায়েতুর রহমান ও সদরুল উল্লাহ। সভায় টেক্সাসের হিউস্টন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অংশ নেন সম্মেলন-২০১৯-এর  কনভেনর এবং ব্রিজ টু বাংলাদেশের চেয়ারম্যান আজাদুল হক।

ম্যাক্স গ্রুপের নির্বাহী পরিচালক কাজী ইয়ামিনুর রশিদ তুর্য বলেন, “দক্ষতার অভাবে অনেক সময় আমাদের স্থানীয় কর্তৃপক্ষ ভালোভাবে কাজ করতে পারেন না। তাদের সামনে এনআরবি ইঞ্জিনিয়াররা তাদের প্রজেক্টসমুহ উপস্থাপন করে কিভাবে তা বাস্তবায়ন করা যায় তা তুলে ধরবেন। এর মাধ্যমে আমরা একটা দক্ষ জনশক্তি গড়ে তুলতে পারব।”

নাজমুল উল্লাহ বলেন, “পশ্চিমা দেশের মতো বাংলাদেশেও সরকারের সম্পৃক্ততা না থাকলে বহুমুখী উন্নয়নমূলক কাজ বাস্তবায়ন করা কষ্টকর। আমাদের মূল উদ্দেশ্য হলে স্থানীয় ইঞ্জিনিয়ারদের সাথে প্রবাসী দক্ষ ইঞ্জিনিয়ারদের সমন্বয় ঘটানো। অনেকে আমাদের প্রশ্ন করছেন, এখানে আপনাদের সফলতা কী? এটা তখনই হবে যখন আমরা ৫টি থেকে ১০টি বাস্তব এবং সমন্বয় যোগ্য প্রেগ্রামের বাস্তবায়ন করতে পারবো। যদি তা করতে পারি তাহলে এটাই হবে আমাদের সফলতা।”

এনায়েতুর রহমান বলেন, “একশ জন ইঞ্জিনিয়ার তৈরি করতে আমার অনেক সময় লেগেছে। অনেকে এসেছেন আবার অনেকে চলে গেছেন। আমি কিন্তু বসে থাকিনি। সরকারের সহযোগিতা পেলে আমার এখানে আরো অনেক ইঞ্জিনিয়ারকে যুক্ত করতে পারবো। বাংলাদেশে উন্নয়নমূলক অনেক কাজ হয়েছে। এনআরবি ইঞ্জিনিয়ারদের বাংলাদেশে এসে এসব উন্নয়ন স্বচক্ষে দেখে যাওয়া দরকার। বাংলাদেশের তরুণ ইঞ্জিনিয়াররা দারুণ দক্ষ ও পরিশ্রমী।”

সদরুল উল্লাহ বলেন, “আমি ১৯৭৩ সাল থেকে বিদেশে আছি। সব সময় দেশের জন্য কিছু করার ইচ্ছা জাগে। দেশে অনেক ভালো ভালো কাজ হচ্ছে কিন্তু দক্ষ লোকের অভাবে তা যথাযথভাবে হচ্ছে না। আশা করি দেশিয় ইঞ্জিনিয়ারদের সাথে এনআরবি ইঞ্জিনিয়ারদের সমন্বয়ে আমরা ভালো কিছু করতে পারবো।”

ব্রিজটুবাংলাদেশ এর ভাইস চেয়ারম্যান শন চৌধুরী বলেন, “সরকারি ও বেসরকারি সংস্থার সাথে সমন্বয় করাই আমাদের মূল উদ্দেশ্য।“

ব্রিজ টু বাংলাদেশ চেয়ারম্যান আজাদুল হক বলেন, “ম্যাক্স গ্রুপের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার গোলাম মোহাম্মদ আলমগীর এই সম্মেলনের স্বপ্নদ্রষ্টা। তিনি নিউ ইয়র্কের একটি সম্মেলনে যুক্তরাষ্ট্রের প্রায় ৫ শ ইঞ্জিনিয়ারকে বাংলাদেশে আমন্ত্রণ জানিয়েছেন। সেখান থেকেই কোন সম্মেলনের ধারণাটা শুরু হয়। পরবর্তীতে আমি যখন বাংলাদেশে যাই তখন এটাকে বড় করে একটা আন্তর্জাতিক কনভেনশনের আয়োজনের চেষ্টা করি।”

তিনি বলেন, “শুধু মাত্র আমেরিকা থেকে নয়, এ সম্মেলনে বিশ্বের ১৩টি দেশ থেকে প্রবাসী প্রকৌশলীরা অংশ নিবেন। আমাদের মূল লক্ষ্য হচ্ছে বাংলাদেশে বিভিন্ন উন্নয়নমূলক কাজে এই প্রবাসী প্রকৌশলীদের কীভাবে সম্পৃক্ত করা যায় সেটি নিয়ে কাজ করা। সাথে সাথে বাংলাদেশের জন্য উপযোগী প্রকল্প সেখানে উপস্থাপন করবেন। আমরা তাদেরকে সহযোগিতা করবো, কিভাবে এগুলো বাংলাদেশের বিভিন্ন ক্ষেত্রে বাস্তবায়ন করা যায় সে ক্ষেত্রে।”

তিনি আরও বলেন,  “সিওএনই সম্মেলন- ২০১৯ এর মূল অডিয়েন্স হচ্ছে বাংলাদেশ সরকার। আমরা সরকারের ১২টি মন্ত্রণালয়কে আমন্ত্রণ জানাবো। সঙ্গে সঙ্গে তাদের ৪শ’ বিভাগকে আমন্ত্রণ জানাব। উপস্থাপন করা প্রজেক্টগুলোকে পরবর্তীতে জার্নাল আকারে প্রকাশ করা হবে। ব্যক্তিগতভাবে দেশের উন্নয়নমূলক কাজে অংশগ্রহণ করতে গিয়ে অনেকেই হতাশ হয়ে পড়েন। কারণ তারা জানেন না, কিভাবে সরকারি প্রজেক্ট বাস্তবায়ন করা হয়। তাই আমাদের সম্মিলিত চেষ্টার মাধ্যমে আমরা সহজে এগুলো সরকারের মাধ্যমে বাস্তবায়ন করতে পারবো।”