জালিয়ার দ্বীপে ট্যুরিজম পার্ক নির্মাণ করবে থাই প্রতিষ্ঠান
বাংলাদেশের প্রথম দ্বীপভিত্তিক পর্যটন কেন্দ্র ‘নাফ ট্যুরিজম পার্ক’ নির্মাণের কাজ পেয়েছে থাইল্যান্ডের প্রতিষ্ঠান সিয়াম সিয়াম ইন্টারন্যাশনাল।
বুধবার বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ- বেজার সঙ্গে এ বিষয়ে একটি সমঝোতা চুক্তি স্মারকে সই করে থাইল্যান্ডের প্রতিষ্ঠানটি।
বেজার পক্ষে নির্বাহী সদস্য হারুনুর রশীদ এবং সিয়াম সিয়াম ইন্টারন্যাশনালের পক্ষে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক কিয়াট কাটি সোমিয়ুথ চুক্তিতে স্বাক্ষর করেন।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে জানানো হয়, কক্সবাজারের টেকনাফ উপজেলা জ্বালিয়ার দ্বীপ নামে পরিচিত ২৭১ একর এলাকায় এই পর্যটন দ্বীপটি গড়ে তোলা হবে।
সেখানে পাঁচ ও তিন তারকা মানের হোটেল, জিমনেসিয়ামসহ অ্যাপার্টমেন্ট, রিসোর্ট, বিনোদন পার্ক, লাইভ এন্টারটেইনমেন্ট থিয়েটার ও মিউজিয়াম, মেগা শপিংমল, সিনেমা হল, বোলিং সেন্টার, ঘূর্ণায়মান রেস্টুরেন্ট, ওয়াটার স্পোর্টস বিচ, গলফ ক্লাব, কেবল কার, নদী ভ্রমণ, মিউজিক্যাল ওয়াটার ফাউন্টেইন, মসজিদ, অফিস ভবন, পাওয়ার প্ল্যান্ট ও অন্যান্য আন্তর্জাতিক সুযোগ সুবিধা থাকবে।
বেজা জানায়, থাইল্যান্ডে বিশ্বমানের পর্যটনকেন্দ্র, ওয়াটারপার্ক, সাইবারপার্কসহ নানা বিনোদন কেন্দ্র স্থাপনের অভিজ্ঞতা রয়েছে সিয়াম সিয়ামের। এছাড়া বাংলাদেশে যৌথ উদ্যোগে ফ্যান্টাসি কিংডম ও চট্টগ্রামের ফয়’স লেকের ভূমি উন্নয়ন এবং বিনোদনকেন্দ্র স্থাপনেও কাজ করেছে প্রতিষ্ঠানটি।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে সিয়াম সিয়ামের পক্ষ থেকে জানানো হয়, নাফ ট্যুরিজম পার্কে তারা প্রায় ৫০০ মিলিয়ন ডলার বিনিয়োগের পরিকল্পনা করছে। এখানে প্রায় ১২ হাজার কর্মসংস্থান সৃষ্টি হবে।
সিয়াম সিয়ামের ব্যবস্থাপনা পরিচালক কিয়াট কাটি সোমিয়ুথ বলেন, “আগামী পাঁচ বছরে নাফ ট্যুরিজম পার্কের উন্নয়ন সম্পন্ন করা হবে। আমরা একটি বিশ্বমানের অত্যাধুনিক বিনোদন পার্ক পর্যটকদের উপহার দেব।”
অনুষ্ঠানে বেজার নির্বাহী চেয়ারম্যান পবন চৌধুরী বলেন, সম্ভাবনাময় পর্যটন শিল্পের বিকাশের জন্য নৈসর্গিক সৌন্দর্যের কেন্দ্র জ্বালিয়ার দ্বীপকে ট্যুরিজম পার্কে রূপান্তরিত করতে বিভিন্ন পরিকল্পনা চলছে। সেখানে যে ঝুলন্ত সেতু নির্মাণ করা হবে তার চূড়ান্ত নকাশার কাজ শেষ পর্যায়ে।
