২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কারখানায় ‘ইনজুরি স্কিম’ এখনই হচ্ছে না

শিল্প কারখানার দুর্ঘটনায় কর্মীদের ক্ষতিপূর নিশ্চিত করতে আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও) যে ‘এমপ্লয়মেন্ট ইনজুরি স্কিম’ চালুর প্রস্তাব করেছে, তাতে এখনই সাড়া দিচ্ছে না সরকার।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Sep 2018, 04:26 PM

Updated : 19 Aug 2022, 02:34 PM

তবে আইএলও’র কাছ থেকে কাগজপত্র নিয়ে সরকার শিগগিরই আলোচনা শুরু করবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন শ্রম প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নু।

বুধবার সচিবালয়ে আইএলও পরিচালক (গ্লোবাল প্রোগ্রাম এমপ্লয়মেন্ট ইনজুরি অ্যান্ড ইনসুরেন্স প্রোটেকশন) অ্যান ড্রুইনের সঙ্গে এক বৈঠকের পর প্রতিমন্ত্রী সাংবাদিকদের এ কথা বলেন।

চুন্নু বলেন, “আইএলও বাংলাদেশে কর্মক্ষেত্রে দুর্ঘটনার জন্য এমপ্লয়মেন্ট ইনজুরি স্কিম চালুর প্রস্তাব দিয়েছে। এই স্কিম চালু করলে বিভিন্নভাবে তারা সাহায্য-সহযোগিতা করতে চায়।

“আমরা বলেছি, বাংলাদেশের অর্থ-সামাজিক অবস্থার প্রেক্ষিতে এখনই ইনজুরি স্কিম চালু করার মত পরিবেশ-পরিস্থিতি আমাদের নেই। কারখানাগুলো এগিয়ে যাচ্ছে, কারখানার মালিকরা এখনও এ বিষয়ে প্রস্তুত নন।”

তবে এ বিষয়ে আইএলও-এর কাছে কাগজপত্র চাওয়া হয়েছে জানিয়ে চুন্নু বলেন, “স্টেকহোল্ডারদের সঙ্গে কথা বলব, আলাপ-আলোচনার পর এ বিষয়ে কাজ করে চিন্তাভাবনা করব। সামনে নির্বাচন, এখন সিদ্ধান্ত নেওয়ার সময় নয়। পরে যে সরকার আসবে তারা এ বিষয়ে চিন্তাভাবনা করবে।”

এর আগে গতবছর এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনাও এমপ্লয়মেন্ট ইনজুরি স্কিম চালুর ওপর জোর দিয়েছিলেন।

তাজরীন ফ্যাশনসে অগ্নিকাণ্ড এবং রানা প্লাজা ধসের প্রসঙ্গ টেনে তিনি বলেছেন, “বড় ধরনের দুর্ঘটনায় ক্ষতিপূরণের ক্ষেত্রে বিপুল অর্থের প্রয়োজন হয়। তৈরি পোশাক শিল্পের সাম্প্রতিক দুর্ঘটনায় আমরা তা উপলব্ধি করেছি। এ অবস্থা থেকে উত্তরণের উপায় হলো দীর্ঘ মেয়াদী ও টেকসই এমপ্লয়মেন্ট ইনজুরি স্কিম চালু করা।”

এ সংসদেই ‘পাস হবে’ সংশোধিত শ্রম আইন

সংসদের অক্টোবরের অধিবেশনেই সংশোধিত শ্রম আইন পাসের জন্য তোলা হবে বলে জানিয়েছেন শ্রম প্রতিমন্ত্রী।

আইন সংশোধনের বিষয়টি নিয়ে আইএলও পরিচালকের সঙ্গে আলোচনা হয়েছে জানিয়ে চুন্নু বলেন, সংশোধিত আইনের খসড়ায় মন্ত্রিসভা নীতিগত অনুমোদন দিয়েছে। এখন তা আইন মন্ত্রণালয়ে পরীক্ষা-নিরীক্ষার জন্য আছে।

“মন্ত্রিসভায় চূড়ান্ত অনুমোদনের পর চলতি অধিবেশনেই আইনটি সংসদে নিতে পারব বলে আশা করছি। তবে পাস হবে অক্টোবরের অধিবেশনে। এই সংসদ থাকতেই সংশোধিত শ্রম আইন পাস করব এটা আইএলও এবং শ্রমিকদের কাছে আমাদের কমিটমেন্ট।”

চুন্নু বলেন, আগে ট্রেড ইউনিয়ন গঠনে ৩০ শতাংশ শ্রমিকের সমর্থন প্রয়োজন হলেও তা কমিয়ে ১০ শতাংশ করার প্রস্তাব করেছিল আইএলও। তবে সংশোধিত শ্রম আইনে তা ২০ শতাংশ করার প্রস্তাব করা হয়েছে।

“শ্রম আইনে ৪৯টি সংশোধনী আনা হচ্ছে, যার সবগুলো শ্রমিকদের পক্ষে। সবচেয়ে সুখের বিষয় হল ত্রিপক্ষীয় পরামর্শ পরিষদের ঐকমত্যের ভিত্তিতে এসব সংশোধনী করা হচ্ছে।”

ইপিজেড আলাদা আইনে পরিচালিত হয় জানিয়ে চুন্নু বলেন, ওই আইনে শ্রমিকদের জন্য ওয়ার্কার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন গঠনের বিধান রাখা হয়েছে। নামে আলাদা হলেও ট্রেড ইউনিয়নের মত তারা কাজ করতে পারবে।