২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আইডিবি ভবনে ‘ইসলামী উন্নয়ন ব্যাংক হাব’র যাত্রা শুরু

ইসলামী উন্নয়ন ব্যাংকের ব্যবস্থাপনা কার্যক্রম বিকেন্দ্রিকরণের অংশ হিসেবে ঢাকার আগারগাঁও আইডিবি ভবনে নতুন কার্যালয়ের যাত্রা শুরু করছে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Sep 2018, 10:22 PM

Updated : 11 Oct 2022, 12:36 PM

রোববার র‌্যাডিসন হোটেলে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্বোধন ঘোষণার পর আগারগাঁও আইডিবি ভবনের দশম তলায় নতুন কার্যালয়ের যাত্রা শুরুর অনুষ্ঠানে ছিলেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ও ইসলামী উন্নয়ন ব্যাংকের প্রেসিডেন্ট বন্দর এম এইচ হাজ্জার।

সাংবাদিকদের প্রশ্নে হাজ্জার বলেন, প্রাথমিকভাবে আইডিবির বাংলাদেশ কার্যালয়ে সাতজন কর্মকর্তা কাজ করবেন। এর মধ্যে তিনজন কর্মকর্তা থাকবেন বাংলাদেশি এবং চারজন বিদেশি।

বাংলাদেশে ইসলামী উন্নয়ন ব্যাংকের হাব হওয়ায় প্রকল্প ব্যবস্থাপনা, বাস্তবায়ন, পর্যবেক্ষণ ও আইডিবির অন্যান্য আর্থিক ও প্রশাসনিক কার্যক্রম আরও দক্ষ, উন্নত ও গতিশীল হবে আশা প্রকাশ করেন হাজ্জার।

একে স্বাগত জানিয়ে অর্থমন্ত্রী মুহিত বলেন, হাবের কাজ শুরু করার পর ভালো কাজ করার সম্ভাবনা বাড়বে।

Image
প্রধানমন্ত্রী শেখ হাসিনার আনুষ্ঠানিক উদ্বোধনের পরে ঢাকার আগারগাঁওয়ে ইসলামী উন্নয়ন ব্যাংকের রিজিওনাল হাবের ফিতা কাটেন ব্যাংকের প্রেসিডেন্ট বন্দর এম এইচ হাজ্জার, অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতসহ অতিথিরা। ছবি: আসিফ মাহমুদ অভি

প্রধানমন্ত্রী শেখ হাসিনার আনুষ্ঠানিক উদ্বোধনের পরে ঢাকার আগারগাঁওয়ে ইসলামী উন্নয়ন ব্যাংকের রিজিওনাল হাবের ফিতা কাটেন ব্যাংকের প্রেসিডেন্ট বন্দর এম এইচ হাজ্জার, অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতসহ অতিথিরা। ছবি: আসিফ মাহমুদ অভি

অনুষ্ঠানে ট্রান্সফরমারস রোড-শো প্রতিযোগিতার বিজয়ী কমবেটিং মেলনিউট্রিশন ইন রোহিঙ্গা চিলড্রেন প্রকল্পের জন্য আইসিডিডিআরবি’র তাহমিদ আহমেদ, গমের ব্লাস্ট রোগ প্রতিরোধ বিষয়ে বিজয়ী ঘোষণা করা হয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের বায়োটেকনোলজি বিভাগের তোফাজ্জল ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বায়োকেমিস্ট্রি বিভাগের মৌসুমী নাথকে ‘ভ্যালু অ্যাডিশন অব জুট’ প্রকল্পের জন্য পুরস্কৃত করা হয়।

বিজয়ীরা প্রত্যেকে ৩ হাজার মার্কিন ডলার করে পুরস্কার পান। তারা আগামী ডিসেম্বরে আইএসডিবির বার্ষিক বিজ্ঞান ও উদ্ভাবন সম্মেলনে যোগ দেওয়ার সুযোগও পাবেন।

আইডিবি প্রেসিডেন্টের সাইন্স টেকনোলজি অ্যান্ড ইনোভেশন উপদেষ্টা ড. হায়াত সিন্ডি বলেন, ট্রান্সফরমারস মুসলিম বিশ্বের উদ্ভাবক ও উদ্যোক্তাদের কাজকে বিকশিত ও ত্বরান্বিত করার একটি ক্ষেত্র।

“ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংকের এন্টারপ্রাইজ উন্নয়নে যথাযথ বিনিযয়োগের মাধ্যমে আরও মানুষকে সাহায্য করার রূপকল্প এগিয়ে নেওয়ার ব্যাপক উদ্যোগের অংশ হিসেবে এই প্রতিযোগিতা বিজ্ঞান, প্রযুক্তি ও উদ্ভাবনের সহযোগিতা ও প্রচারের উপর আলোকপাত করে।”

ট্রান্সফরমার্স প্রতিযোগিতার উদ্দেশ্য নতুন ধারণা খুঁজে বের করা এবং সহায়তা করা, যা যা দিয়ে জনগোষ্ঠিগুলো তাদের সুস্থ ও সমৃদ্ধ ভবিষ্যত তৈরি করতে পারে।

আইডিবি একটি বহুপাক্ষিক উন্নয়ন ব্যাংক। ৪০ বছরের বেশি সময় ধরে ব্যাংকটি অনগ্রসর জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে বৃহৎ পরিসরে কাজ করছে। আইডিবির সদর দপ্তর সৌদি আরবের জেদ্দায়। প্রধান কেন্দ্রগুলো রয়েছে মরক্কো, মালয়েশিয়া, কাজাখস্তান ও  সেনেগালে। এছাড়া মিসর, তুরস্ক, ইন্দোনেশিয়া, বাংলাদেশ ও নাইজেরিয়াতে গেটওয়ে অফিস আছে।