২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিডস ফর দ্য ফিউচার: ১০ বিজয়ীকে হুয়াওয়ের সংবর্ধনা

করপোরেট সোশাল রেসপনসিবিলিটির (সিএসআর) আওতায় শুরু হওয়া গ্লোবাল ফ্ল্যাগশিপ প্রোগ্রাম, ‘সিডস ফর দ্য ফিউচার’ প্রতিযোগিতার সেরা ১০ জন শিক্ষার্থীকে সংবর্ধনা দিয়েছে হুয়াওয়ে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Sep 2018, 08:07 PM

Updated : 19 Aug 2022, 02:33 PM

বৃহস্পতিবার রাজধানীর গুলশানে এক অনুষ্ঠানে দেশের পাঁচ বিশ্ববিদ্যালয় থেকে প্রতিযোগিতার মাধ্যমে বাছাই করা ওই ১০ শিক্ষার্থীকে চীনের বেইজিং ও শেনঝেনে শিক্ষাসফরে নেওয়ার ঘোষণা দেন হুয়াওয়ে টেকনোলজিস (বাংলাদেশ) লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ঝাং জেংজুন।

তিনি বলেন, এই সফরে শিক্ষার্থীরা ফাইভ জি, ইন্টারনেট অব থিংস (আইইউটি), ক্লাউড কম্পিউটিংসহ পরবর্তী প্রজন্মের বিভিন্ন প্রযুক্তির বিষয়ে অভিজ্ঞতা নিতে পারবে।

“এ প্রতিযোগিতার মূল উদ্দেশ্য বিশ্বমানের প্রযুক্তি উদ্ভাবনের জন্য মেধাবীদের দক্ষতা উন্নয়নে সহায়তা করা। আমি বিশ্বাস করি, বিশ্বের চলমান আইসিটি ইন্ডাস্ট্রির সাথে মানিয়ে নিতে এই প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষার্থীদের দক্ষাতা বৃদ্ধি পাবে এবং সর্বশেষ প্রযুক্তি সম্পর্কে জানতে পারবে।”

ঝাং বলেন, ‘সিডস ফর দ্য ফিউচার’ বিশ্বব্যাপী হুয়াওয়ের সবচেয়ে বেশি বিনিয়োগ করা সিএসআর প্রোগ্রাম, যা ২০০৮ সাল থেকে শুরু হয়। বিশ্বের ১০৮টি দেশ ও অঞ্চলে এ প্রতিযোগিতা চালু রয়েছে।

২০১৭ সাল পর্যন্ত বিশ্বের ২৫০টি বিশ্ববিদ্যালয় থেকে ৩ হাজার ৬০০ জন শিক্ষার্থীকে চীনের শেনঝেনে হুয়াওয়ের হেডকোয়ার্টারে শিক্ষা সফরে নিয়ে হাতে-কলমে কাজের অভিজ্ঞতা দেওয়া হয়েছে বলে জানানো হয় অনুষ্ঠানে।

গত জুলাইয়ে শুরু হওয়া এবারের প্রতিযোগিতায় বাংলাদেশ থেকে বিজয়ী ১০ শিক্ষার্থীরা হলেন- ঢাকা বিশ্ববিদ্যালয়ের সারাহ সিনথিয়া গোমেজ ও রাকিব রহমান শাওন, ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) আসিফ নেওয়াজ ও বখতিয়ার হাসান, খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের নুজহাত নাওয়ার ও রাকিবুল হাসান, রাজশাহী প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের আফসানা আফরিন ও আজমাইন ইয়াকিন সৃজন এবং চট্টগ্রাম প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের দিবা দাস ও মনিরুল ইসলাম মিশকাত। তারা সবাই স্নাতক চতুর্থ বর্ষের শিক্ষার্থী।