বিকাশের ‘পে বিল’ সেবায় দুই মাসে ৭ লাখ বিদ্যুৎ বিল পরিশোধ
পল্লী বিদ্যুতের বিল বিকাশের মাধ্যমে পরিশোধের সেবা চালুর পর দুই মাসে সাত লাখের বেশি বিল পরিশোধ হয়েছে বলে জানিয়েছে মোবাইলে আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠানটি।
বৃহস্পতিবার বিকাশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, “ঝামেলা এড়িয়ে ও লাইনে না দাঁড়িয়ে যে কোনো জায়গা থেকে যে কোনো সময় বিদ্যুৎ বিল পরিশোধের সুবিধার কারণেই সারাদেশের পল্লী বিদ্যুতের গ্রাহকরা বিকাশের মাধ্যমে বিল পরিশোধে আগ্রহী হয়ে উঠেছেন।”
দুই কোটি ২৭ লাখের বেশি গ্রাহক নিয়ে পল্লী বিদ্যুতায়ন বোর্ড বাংলাদেশের সবচেয়ে বড় বিদ্যুৎ বিতরণ প্রতিষ্ঠান। এর সব গ্রাহকই গ্রামে ও প্রত্যন্ত অঞ্চলে বসবাস করেন, যেখানে বাণিজ্যিক ব্যাংকের শাখা পাওয়া কঠিন।
বিকাশের মাধ্যমে বিল পরিশোধের সুবিধার কারণে এখন আর পল্লী বিদ্যুৎ গ্রাহকদের আলাদা করে সময় ও সুযোগ বের করে ব্যাংক বা পল্লী বিদ্যুৎ সমিতির অফিসে যেতে হচ্ছে না।
কেবল বিল পরিশোধই নয়, পল্লী বিদ্যুতের গ্রাহকরা বিদ্যুৎ বিলের পরিমাণও তাদের বিকাশ অ্যাকাউন্টের মাধ্যমে জানতে পারছেন।
মোবাইল ফিনান্সিয়াল সেবাদাতা প্রতিষ্ঠান বিকাশ গত জুলাইয়ে ‘পে বিল’ সেবা চালু করে। ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বার ওই সেবার আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
রাষ্ট্রায়াত্ত মোবাইল অপারেটর টেলিটক এ সেবায় কারিগরি সহায়তা দিচ্ছে। বিল পরিশোধ করতে গ্রাহককে *২৪৭# ডায়াল করে মেন্যু থেকে ৫ নম্বর ‘পে বিল’ নির্বাচন করতে হয়। এরপর কিছু ইন্টারঅ্যাকটিভ ধাপ অনুসরণ করে বিল পরিশোধ করা যায়।
