‘কোম্পানি অব দ্য ইয়ার’ পুরস্কার পেল ইডটকো
সমন্বিত টেলিযোগাযোগ অবকাঠামো সেবাদাতা প্রতিষ্ঠান ইডটকো বাংলাদেশ ‘এশিয়া প্যাসেফিক টেলিকমস টাওয়ার কোম্পানি অব দি ইয়ার’ পুরস্কার লাভ করেছে।
২০১৭ সালে শিল্প উন্নয়ন প্রচেষ্টায় শ্রেষ্ঠত্বের জন্য এই স্বীকৃতি দেওয়া হয়েছে কোম্পানিটিকে।
সম্প্রতি সিঙ্গাপুরের শাংরি-লা হোটেলে ‘ফ্রস্ট অ্যান্ড সালিভান এশিয়া প্যাসেফিক বেস্ট প্র্যাকটিস অ্যাওয়ার্ড’ অনুষ্ঠানে এই পুরস্কার দেওয়া হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
অনুষ্ঠানে বাজার বিশ্লেষক ও পরামর্শক প্রতিষ্ঠান ফ্রস্ট অ্যান্ড সালিভানের আইসিটি বিভাগের সহ-সভাপতি অজয় সুন্দর বলেন, “ইডটকো কেবল তাদের সেবা প্রদানেই শ্রেষ্ঠত্ব অর্জন করেনি বরং সহনশীলতা ও উদ্ভাবনেও এগিয়ে রয়েছে। মাত্র এক বছর আগে তারা বাঁশের টাওয়ার প্রথম বাণিজ্যিকীকরণ করে, যেটি ২০১৭ সালে ছিল অগ্রগামী।
“এই পুরস্কার ২০১৭ সাল জুড়ে তাদের নিরলস পরিশ্রম এবং কোম্পানির অসাধারণ অবদানের স্বীকৃতি।”
এর আগে ২০১৬ সালেও এই স্বীকৃতি পেয়েছিল ইডটকো।
