‘ন্যাশনাল সিঙ্গেল উইন্ডো’ বাস্তবায়ন উন্নয়নের দৃষ্টান্ত হবে: অর্থমন্ত্রী
দেশের বাণিজ্য উন্নয়ন এবং আন্তর্জাতিক বাণিজ্য দক্ষতা বৃদ্ধিতে ‘ন্যাশনাল সিঙ্গেল উইন্ডো’ বাস্তবায়িত হলে উন্নয়নের একটি দৃষ্টান্ত স্থাপন হবে বলে আশা প্রকাশ করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
মঙ্গলবার ঢাকায় হোটেল সোনারগাঁয়ে সরকারের বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগ এবং বেসরকারি সংগঠনের সাথে ‘ন্যাশনাল সিঙ্গেল উইন্ডো’ নিয়ে সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে অর্থমন্ত্রী এ আশাবাদ প্রকাশ করেন।
অর্থমন্ত্রী বলেন, “এ পদ্ধতিতে একটি জায়গায় অটোমেশন পদ্ধতির মাধ্যমে যত রকমের ট্রানজেকশন আছে, আমদানি-রপ্তানিতে যা কিছু আছে, তা এক জায়গায় হবে। এ প্রক্রিয়া কীভাবে বাণিজ্য উন্নয়ন সাধন করবে, তা রিয়েলাইজ করতে আরও কয়েক মাস লাগবে।
“এটি অত্যন্ত মূল্যবান পদক্ষেপ, বুঝতে আরও সময় লাগবে। এখানে ৩৮টি সিগনেটরি রয়েছে, এ সিগনেটরি আরও বাড়বে। লক্ষ্যমাত্রা হবে ‘ন্যাশনাল সিঙ্গেল উইন্ডো’ তে আরও কী খাতগুলো আনা যেতে পারে। পণ্য বাণিজ্য বিষয় নয় আরও কী যুক্ত করা যায়, তা চিন্তা করতে হবে আরও বেশি সুবিধা পেতে পারে, তাহলে উন্নয়নে আরও সুযোগ সৃষ্টি হবে।”
বাংলাদেশ উন্নয়নের একটি দৃষ্টান্ত স্থাপন করতে যাচ্ছে দাবি করে মুহিত বলেন, “উন্নয়ন বড় বিপদজনক বিষয়, উন্নয়ন সব ক্ষেত্রে হতে হয়, প্রশাসনিক শৃঙ্খলা ও নীতিমালা প্রণয়ন, অর্থনৈতিক নীতিমালা, রাজনৈতিক স্থিতিশীলতা ও রাজনৈতিক উন্নয়নও দরকার। উন্নয়ন ওয়ান ডায়মেনশনাল হয় না।”
বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেন,“ন্যাশনাল সিঙ্গেল উইন্ডো’ সমঝোতা স্মারক খুব সময় উপযোগী হয়েছে।বাণিজ্য সহযোগিতা করার জন্য ‘ওয়ান আম্ব্রেলা’ করতে এ কর্মসূচি।
এফবিসিসিআই সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিন বলেন, “ন্যাশনাল সিঙ্গেল উইন্ডো’র ফলে ক্রস বর্ডার ব্যবসা বেড়ে যাবে। সমঝোতা স্মারকের পর বাস্তবায়নে ২ বছর সময় লাগবে বলে জেনেছি, এটি যেন দ্রুত কার্যকর হয়।”
দেশের বাণিজ্য উন্নয়ন এবং আন্তর্জাতিক বাণিজ্য দক্ষতা বৃদ্ধিতে সরকারের ৩৮টি মন্ত্রণালয় ও বিভিন্ন প্রতিষ্ঠান ‘ন্যাশনাল সিঙ্গেল উইন্ডো’ ব্যবস্থা চালু করতে এ সমঝোতা স্মারক (এমওইউ) সই করে।
নিজ নিজ মন্ত্রণালয় ও সংগঠনের প্রতিনিধিরা ভূমিকা ও সহযোগিতা নীতিমালা সংক্রান্ত সমঝোতা চুক্তিগুলো স্মারকে স্বাক্ষর করেন।
অনুষ্ঠানে জানানো হয়, বিশ্ব ব্যাংকের অধীনে বাংলাদেশে রিজিওনাল কানেকটিভিটি প্রকল্প-১ কাস্টমস আধুনিকীকরণ ও এনএসডব্লিউ বাস্তবায়নে ৭৪ মিলিয়ন মার্কিন ডলার সহায়তায় ‘ন্যাশনাল সিঙ্গেল উইন্ডো’ বাস্তবায়ন হচ্ছে।
‘ন্যাশনাল সিঙ্গেল উইন্ডো’ তে আন্তর্জাতিক বাণিজ্য সম্পর্কিত পারমিট, লাইসেন্স, সার্টিফিকেট ও শুল্ক ঘোষণা পদ্ধতি স্বয়ংক্রিয়ভাবে দেওয়া হবে এবং এটি ব্যবহারও খুব সহজ বলে অনুষ্ঠানে জানানো হয়।
এ প্রকল্পের মাধ্যমে একটি ন্যাশনাল সিঙ্গেল উইন্ডো ব্যবস্থা চালু করা হবে।এর ফলে কেন্দ্রীয়ভাবে অনলাইনের মাধ্যমে শুল্ক ও অন্যান্য নিয়ন্ত্রক সংস্থার জন্য প্রয়োজনীয় আমদানি-রপ্তানিসহ যাবতীয় তথ্য এক স্থানে জমা দেওয়া যাবে। ফলে সময় ও খরচ কমে আসবে।
জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান (এনবিআর) মোশাররফ হোসেন ভূঁইয়া, ‘ন্যাশনাল সিঙ্গেল উইন্ডো’ প্রকল্প পরিচালক খন্দকার মোহাম্মদ আমিনুর রহমান বক্তব্য রাখেন।
