২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অ্যাপটেককে নিয়ে ‘জীবন পাল্টাতে চায়’ এডিএনএডু

দক্ষ মানবসম্পদ তৈরিতে তথ্যপ্রযুক্তি খাতে প্রশিক্ষণে বিশ্বব্যাপী সমাদৃত প্রতিষ্ঠান অ্যাপটেক ইন্টারন্যাশনালের সঙ্গে কাজ করছে এডিএন এডু সার্ভিসেস।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jul 2018, 05:31 PM

Updated : 11 Oct 2022, 12:28 PM

পুরনো খবর:

এডিএন-অ্যাপটেক যৌথপ্রশিক্ষণ সেবা শুরু

‘দক্ষ হোন জীবন পাল্টে যাবে’ স্লোগান নিয়ে চলা এই উদ্যোগে অনলাইনে ও অফলাইনে ৪০টি প্রশিক্ষণ কোর্স পরিচালনা করছে দুই প্রতিষ্ঠান।

বৃহস্পতিবার রাজধানীর কারওয়ান বাজারে বেসিস মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে গত ফেব্রুয়ারিতে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হওয়া যৌথ উদ্যোগের হালনাগাদ বিভিন্ন তথ্য তুলে ধরা হয়।

প্রযুক্তিখাতে এডিএন গ্রুপের ১৫ বছরের সফল কার্যক্রমের কথা উল্লেখ করে এডিএন এডু সার্ভিসেসের ব্যবস্থাপনা পরিচালক তপন কান্তি সরকার বলেন, “আমাদের আইটি ইন্ডাস্ট্রির এখন পর্যন্তকার সীমাবদ্ধ সফলতার সবচেয়ে বড় যে কারণ, তাহলো দক্ষ জনশক্তির প্রকট অভাব। আমাদের অনেক প্রোগ্রামার আছে, কিন্তু একটু গভীরে যাওয়ার লোক নেই। দক্ষ সিস্টেমস অ্যানালিস্ট বা প্রোজেক্ট ম্যানেজার চাহিদার তুলনায় অপ্রতুল।”

বাংলাদেশে বর্তমানে এ ধরনের দুই হাজারের বেশি দক্ষ জনবলের প্রয়োজন হলেও তালিকাভুক্ত হিসেবে ৫০ থেকে ১০০ জন আছে বলে মন্তব্য করেন তিনি।

“দক্ষতা না থাকায় অনেক কাজ সফলভাবে করা সম্ভব হচ্ছে না। ফলশ্রুতিতে বিদেশি কোম্পানিগুলো তাদের সফটওয়্যার আর সেবা নিয়ে ঢুকে পড়ছে।

“… সাইবার সিকিউরিটি আমাদের দেশে একটি বড় সমস্যা হয়ে দেখা দিচ্ছে। তথ্য প্রযুক্তিতে আমরা যত অগ্রসর হচ্ছি, ততই নিরাপত্তা ঝুঁকি বেড়ে যাচ্ছে। এর উত্তরণের জন্য আমাদেরকে দক্ষ প্রযুক্তি বিশেষজ্ঞ তৈরি করতে হবে।”

এডিএন এডু সার্ভিসেসের মাধ্যমে বর্তমানে অনলাইনে ও অফলাইনে ৪০টি প্রশিক্ষণ কার্যক্রম চলছে বলে সংবাদ সম্মেলনে জানান অ্যাপটেক ইন্টারন্যাশানালের সিনিয়র ম্যানেজার সোম শুভ্র বকশী।

সংবাদ সম্মেলনে একটি উপস্থাপনায় তিনি বলেন, “অ্যাপটেকের ট্রেনিং মেথডলজি বিশ্বব্যাপী সমাদৃত। অ্যাপটেকের এই অভিজ্ঞতা কাজে লাগিয়ে সফট্ওয়্যার, হার্ডওয়্যার ও নেটওয়ার্কিং, এরিনা মাল্টিমিডিয়া ও ইংলিশ লার্নিংয়ে দক্ষ জনগোষ্ঠী তৈরীর উদ্দেশ্যে আমরা এডিএন এডু সার্ভিসেসের মাধ্যমে বাংলাদেশে কার্যক্রম শুরু করেছি।”

অ্যাপটেক ইন্টারন্যাশানাল ৩১ বছর ধরে ৪০টিরও বেশী দেশে ফ্রান্সাইজি মডেলে প্রশিক্ষণ কার্যক্রম চালাচ্ছে মন্তব্য করে সোম শুভ্র বলেন, বাংলাদেশে আমাদের প্রধান পার্টনার এডিএন এডু। প্রশিক্ষণ ভিত্তিক সেবা হলেও আমরা এর মাধ্যমে একেবারে কাজের উপযোগী করে গড়ে তুলি। যেটা আমাদের এভাবে সমাদৃত করেছে।”

তিনি জানান, অ্যাপটেকের বিভিন্ন প্রশিক্ষণের উদ্যোগের মধ্যে অ্যাপটেক কম্পিউটার এডুকেশন, অ্যাপটেক হার্ডওয়্যার অ্যান্ড নেটওয়ার্কিং একাডেমি, অ্যাপটেক ইংলিশ লার্নিং একাডেমি এবং অ্যারেনা মাল্টিমিডিয়া প্রোগ্রামে কার্যক্রম বাংলাদেশে চলছে।”

আইটি সংক্রান্ত প্রশিক্ষণের জন্য বাংলাদেশের নানা প্রান্তে ২৪টি কেন্দ্র এবং ৬০টির বেশি ইংলিশ লার্নিং একাডেমি প্রতিষ্ঠা করা হবে বলে জানান তিনি।

সোম শুভ্র বলেন, “অ্যাপটেকের সমঝোতায় থাকা বিদেশি বিশ্ববিদ্যালয়ে অনলাইনের মাধ্যমে কয়েকটি কোর্সে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি নেওয়া যাচ্ছে। এক্ষেত্রে খরচ কমে আসে শিক্ষার্থীদের।”

এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, “সার্টিফিকেটে অনলাইন কোর্স নাকি ক্যাম্পাসের কোর্স সেটা উল্লেখ থাকছে না। ফলে দুইয়ের মধ্যে কোনো ভিন্নতা নেই।”

সোম শুভ্র বলেন, “অ্যাপটেকের বিভিন্ন কোর্সে ভর্তি হয়ে তরুণরা তাদের দক্ষতা বাড়াতে পারবে এবং দেশের পাশাপাশি আর্ন্তজাতিক বাজারে নিজেদের দক্ষতার স্বাক্ষর রাখতে সক্ষম হবে। আমরা অ্যাপটেকের কার্যক্রমকে দেশব্যাপী ছড়িয়ে দিতে ফ্রান্সাইজি মডেলে কাজ করে যাচ্ছি। এই কার্যক্রমে আগ্রহী ট্রেনিং ইন্সিটিটিউটগুলো আমাদের সাথে যুক্ত হয়ে দক্ষ জনবল তৈরিতে তাদের অবদান রাখতে পারবেন।”

অন্যদের মধ্যে এডিএন গ্রুপের চিফ ডিজিটাল বিজনেস অ্যান্ড মার্কেটিং অফিসার রুহুল্লাহ রায়হান আলহুসাইন, এডিএন এডু সার্ভিসেসের হেড অব বিজনেস নুরুল আলম সোহেল সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।