২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘পেটেন্ট রাইট’ পেতে উদ্ভাবকদের সহায়তা করবে সরকার: মন্ত্রী

মেধাস্বত্ত্ব নিয়ে তরুণ উদ্ভাবকদের সচেতন হওয়ার আহ্বান জানিয়ে এ বিষয়ে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও আইসিটি মন্ত্রী মোস্তাফা জব্বার।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jun 2018, 07:35 PM

Updated : 19 Aug 2022, 02:08 PM

রোববার তথ্যপ্রযুক্তি বিভাগে উদ্ভাবনী কার্যক্রমগুলোর ফলাফল ও এ বিষয়ে জনসচেতনতা সৃষ্টি বিষয়ে এক সেমিনারে তিনি দেশের আর্থ-সামাজিক প্রেক্ষাপট বিবেচনায় নিয়ে উদ্ভাবনী প্রকল্প সাজানোর পরামর্শ দিয়েছেন তরুণ উদ্ভাবকদের।

জব্বার বলেন, “চলমান থাকতে হলে আপনাকে উদ্ভাবনের মধ্যেই বেঁচে থাকতে হবে। এখন যুগ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স,  ইন্টারনেট অব থিংস, ব্লকচেইনের মতো প্রযুক্তির। এ বিষয়গুলো মাথায় রেখে প্রযুক্তি আনতে হবে, যা সত্যিকারে মানুষের কাজে আসবে।” 

ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের পৃষ্ঠপোষকতায় সরকার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের বিভিন্ন প্রকল্পের আওতায় অনুদান দিয়ে এলেও সেই অনুদান নিতে আসা উদ্ভাবকদের মধ্যে ব্যবসায়িক পরিকল্পনা ও নিজেদের পণ্যের পেটেন্ট নিয়ে সতর্কতার অভাব দেখতে পাচ্ছেন মন্ত্রী।

“উদ্ভাবক বা গবেষক হিসেবে যারা অনুদান নিতে আসছেন, তাদের প্রথম সঙ্কট হল, তারা পরবর্তীতে প্রকল্পগুলোকে কীভাবে মানুষের উপকারে নিয়ে আসবেন বা সেগুলোর বাণিজ্যিক গুরুত্ব কতটুকু- তা নিয়ে সুষ্পষ্ট ধারণা পাই না আমরা।… আরও একটি বড় সমস্যা হল, তাদের মধ্যে মেধাস্বত্ত্ব নিয়ে কোনো ধারণা নেই।”

‘ইনোভেশনের’ জন্য পেটেন্ট রাইট কীভাবে নেওয়া উচিৎ তা জানা না থাকায় উদ্ভাবনের ক্ষেত্রে দুর্বলতা থেকে যাচ্ছে মন্তব্য করে মোস্তাফা জব্বার বলেন, এই সমস্যার সমাধানে আইসিটি বিভাগ থেকে উদ্ভাবকদের পেটেন্ট রাইট পেতে বিশেষ সহায়তা দেওয়া হবে।

বাংলাদেশ গত ফেব্রুয়ারিতে চতুর্থ প্রজন্মের মোবাইল প্রযুক্তির যুগে প্রবেশ করার পর এখন বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে ফাইভ জির উপযোগী উদ্ভাবনে এগিয়ে আসতে উদ্ভাবকদের আহ্বান জানান মোস্তাফা জব্বার।

তিনি বলেন, “নতুন প্রযুক্তি পৃথিবীর পুরো ব্যবস্থাকে বদলে দিতে পারে। প্রযুক্তি সর্বগ্রাসী শক্তি নিয়ে আসছে। আমরা যদি নিজেদের এই কঠিন সময়ের জন্য প্রস্তুত করতে না পারি, তবে আমাদের সব কর্মকাণ্ড বৃথা যাবে।”

সেমিনারে ‘ইনোভেশন ইকোসিস্টেম ইন বাংলাদেশ’ শিরোনামে মূল প্রবন্ধ উপস্থাপন করেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের একসেস টু ইনফরমেশন (এটুআই) প্রকল্পের পরিচালক মোস্তাফিজুর রহমান।

তিনি বলেন, “টেকনিক্যাল ও পলিসি সাপোর্টের পর প্রয়োজন হল সিটিজেন সেন্ট্রিক ইনোভেশন সলিউশন। … আরএনডি কোলাবোরেশন, বিজনেস মডেল ডেভেলপমেন্ট,  ইনোভেটিভ আইডিয়া ট্রান্সফরমেশন, সাসটেইনেবল কমার্শিয়ালাইজেশন,  পাবলিক সার্ভিস ইনোভেশনের জায়গাগুলোতে আমাদের আরো কাজ করতে হবে।”

আইসিটি বিভাগের অধীনে থাকা ৬৬৩টি ল্যাবের মধ্যে কো-অর্ডিনেশন নেই জানিয়ে মোস্তাফিজুর রহমান বলেন, উদ্ভাবনী প্রকল্পগুলোর বিস্তারে ল্যাবগুলোর মধ্যে সমন্বয় করতে হবে।

আইসিটি বিভাগের সচিব সুবীর কিশোর চৌধুরীও অনুষ্ঠানে বক্তব্য দেন। পরে বিভাগের উদ্ভাবনীমূলক তহবিল থেকে ‘হাই প্রোফাইল আইসিটি স্কলারশিপ’ ক্যাটাগরিতে দুজন তরুণ গবেষককে এক বছরের জন্য ২৪ লাখ টাকা দেওয়া হয়।

দ্বিতীয় রাউণ্ডে গবেষণার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০ জন শিক্ষার্থীকে ১৯ লাখ ২০ হাজার টাকা এবং উদ্ভাবনী প্রকল্পের জন্য তিন জ্যেষ্ঠ গবেষককে ৪৫ লাখ টাকা দেওয়া হয়।

আরও খবর

ফাইভ-জির প্রস্তুতি নিতে বললেন টেলিযোগাযোগমন্ত্রী

দেশেই মোবাইল তৈরিতে জোর দেওয়ার আহ্বান জব্বারের