পচা মাছ-মাংসের জন্য মীনা বাজারকে জরিমানা
পচা মাছ-মাংস এবং অনুমোদনহীন পানীয় ও ক্রিম রাখায় সুপার শপ মীনা বাজারকে তিন লাখ টাকা জরিমানা করেছে ঢাকা মহানগর পুলিশের ভ্রাম্যমাণ আদালত।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মশিউর রহমান নেতৃত্বাধীন ভ্রাম্যমাণ আদালত বুধবার দুপুরে লালবাগের ঢাকেশ্বরী সড়কে মীনা বাজারের আউটলেটে এই অভিযান চালায়।
সেখানে পচা কাতল মাছ, চিংড়ি মাছ, মুরগির মাংস এবং পচা লিচু, কলা ও শাক-সবজি পাওয়া যায় বলে মশিউর রহমান জানান।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, জেমকন গ্রুপের প্রতিষ্ঠান মীনা বাজারে বিএসটিআই অনুমোদনহীন ড্রিংকিং ওয়াটার, কোমলপানীয় ও ক্রিম পাওয়া যায়।
“পচা মাছ, মাংস রাখার অপরাধে দেড় লাখ টাকা এবং অনুমোদনহীন পানীয় ও ক্রিম রাখার অভিযোগে দেড় লাখ টাকা জরিমানা করা হয়।”
