ব্যবসার পরিকল্পনায় সেরা ঢাবির আইবিএ
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ব্যবসা পরিকল্পনা বিষয়ক প্রতিযোগিতা ‘ব্যাটেল অব মাইন্ডস-২০১৮’ এ চ্যাম্পিয়ন হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের (আইবিএ) দল ‘জে নে সে কোয়া’।
রোববার রাজধানীর একটি হোটেলে প্রতিযোগিতার চূড়ান্ত পর্বের ফলাফল ঘোষণা করা হয়।
প্রতিযোগিতায় প্রথম রানার্সআপ হয়েছে ইউনিভার্সিটি অব প্রফেসনালসের দল ‘আন্ডার ক্যাটস’ এবং দ্বিতীয় রানার্স আপ হয়েছেন ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির ‘আইইউটি জেড’।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের (এমসিসিআই) সভাপতি নিহাদ কবির।
এশিয়া এবং মধ্যপ্রাচ্যের ২০টি দেশের প্রতিযোগীদের সঙ্গে এবারের চ্যাম্পিয়ন ও প্রথম রানার্স আপ দল আঞ্চলিক পর্যায়ে প্রতিদ্বন্দ্বিতা করবে বলে আয়োজকরা জানিয়েছেন।
তরুণদের দক্ষতা উন্নয়নের প্ল্যাটফর্ম ‘ব্যাটেল অব মাইন্ডস’ প্রাতিষ্ঠানিক শিক্ষা এবং কর্পোরেট জগতের অভিজ্ঞতার সেতুবন্ধন তৈরি করে। এ বছর দেশের ৪২টি বিশ্ববিদ্যালয় থেকে ৩ হাজার ৩০০ শিক্ষার্থী কৃষি, মৃত্তিকা বিজ্ঞান, প্রকৌশলী ও ব্যবসায় বিভিন্ন পরিকল্পনা নিয়ে প্রতিযোগিতায় অংশ নেয়। ১২টি দলে ৩৬ জন অংশগ্রহণকারী সেমিফাইনালে পৌছে। সেখান থেকে ৬টি দল ওঠে চূড়ান্ত পর্বে।
চূড়ান্ত পর্বে অংশ নেওয়া দলগুলো হচ্ছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএর জে নে সে কোয়া, ফিট স্ট্রিক ও ব্রেইনস অব ক্যাস্টামের, ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির আইইউটি জেড এবং ইউনিভার্সিটি অব প্রফেসনালসের দল আন্ডার ক্যাটস ও লাস্ট সেকেন্ড।
এবারের বৈশ্বিক প্রতিযোগিতায় যে চারটি বিষয় রয়েছে সেগুলো হচ্ছে- জুতা শিল্পের রূপান্তর, রিকশার আধুনিকায়ন, গেম অ্যাপের মাধ্যমে শিক্ষাগ্রহণ এবং স্মার্ট ও অভিনব কায়দায় স্বাস্থ্য সমাধান।
ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ ২০০৪ সাল থেকে এই প্রতিযোগিতার আয়োজন করছে। এই বছর ১৫তম আসরে গত আসরের তুলনায় এক হাজার বেশি শিক্ষার্থী অংশ নেন।
বিএটি বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক শেহ্জাদ মুনীম বলেন, বিএটি বাংলাদেশের এই মৌলিক ধারণা এখন বৈশ্বিক পর্যায়ে স্থান করে নিয়েছে, এটা খুবই গর্বের বিষয়।
“বাংলাদেশের ভবিষ্যত প্রজন্মের এই মেধাবীদের যত্ন নেওয়া এবং তাদের জন্যে আমরা এই প্ল্যাটফর্মটি অব্যাহত রাখব।”
