২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মহেশখালী বিদ্যুৎকেন্দ্র স্থাপনে চীনের সঙ্গে পিডিবির চুক্তি

যৌথ অংশীদারিত্বের ভিত্তিতে কক্সবাজারের মহেশখালীতে ১৩২০ মেগাওয়াট ক্ষমতার বিদ্যুৎকেন্দ্র স্থাপনে চীনা প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করেছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি)।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 May 2018, 04:47 PM

Updated : 19 Aug 2022, 02:00 PM

রোববার বিদ্যুৎভবনে পিডিবির সচিব মিনা মাসুদ উজ্জামান ও চায়না হাওদিয়ান হংকং কোম্পানির (সিএইচডিএইচকে) ভাইস প্রেসিডেন্ট ওয়াং ঝিহাও এবিষয়ে এক চুক্তিতে স্বাক্ষর করেন।

চুক্তি অনুযায়ী, আগামী ৪৮ মাস থেকে ৫৪ মাসের মধ্যে মহেশখালীতে ২০০ একর জমির ওপর নির্মিত হবে ৬৬০ মেগাওয়াটের দুটি ইউনিট। সেজন্য আগামী ৩০ কর্ম দিবসের মধ্যে উভয় পক্ষ সমান অংশীদারিত্বের ভিত্তিতে যৌথ কোম্পানি গঠন করবে।

বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ, বিদ্যুৎ সচিব আহমেদ কায়কাউস ও পিডিবির চেয়ারম্যান খালেদ মাহমুদসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন।

নসরুল হামিদ বলেন, ২০১২ সাল থেকে এধরনের বিদ্যুৎকেন্দ্র স্থাপনের চেষ্টা করা হলেও নানা জটিলতায় তা পেছাতে থাকে। এখন তিন থেকে চার বছরের মধ্যে এটা বস্তবায়ন করা সম্ভব হবে। 

হাওদিয়ানকে চীনের বৃহৎ বিদ্যুৎ উৎপাদন কোম্পানি উল্লেখ করে তিনি বলেন, বিদ্যুৎ উৎপাদন ও সঞ্চালনে তাদের অনেক অভিজ্ঞতা রয়েছে। যৌথ কোম্পানির পক্ষ থেকে ইপিসি কনট্রাকটর নিয়োগ ও প্রয়োজনীয় অর্থায়ন সংগ্রহের কাজটি করা হবে।

ভবিষ্যতে কক্সবাজারের মহেশখালী বিদ্যুৎ উৎপাদনের একটি বড় হাব হিসাবে পরিচিত পাবে বলেও আশা করেন প্রতিমন্ত্রী।