২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পোশাক খাতে দুর্ঘটনার মামলায় দ্রুত বিচার চায় টিআইবি

তৈরি পোশাকসহ শিল্প খাতের দুর্ঘটনায় দায়ের করা মামলাগুলো নিষ্পত্তিতে দ্রুত বিচার ট্রাইব্যুনাল গঠনের সুপারিশ করেছে দুর্নীতি বিরোধী সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Apr 2018, 04:47 PM

Updated : 19 Aug 2022, 01:57 PM

বৃহস্পতিবার ধানমণ্ডিতে টিআইবির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে ‘তৈরি পোশাক খাতে সুশাসন: অগ্রগতি ও চ্যালেঞ্জ’ শীর্ষক গবেষণা প্রতিবেদন তুলে ধরার সময় এই সুপারিশ করা হয়।

টিআইবি নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেন, “রানা প্লাজার দুর্ঘটনার পাঁচ বছর অতিবাহিত হলেও এখনো বিচার শেষ হয়নি। তাই এসব দুর্ঘটনার ক্ষেত্রে ট্রাইব্যুনাল গঠন করে দোষীদের দ্রুত বিচার আইনে বিচার করা প্রয়োজন।

“এতে দুর্ঘটনায় দা‌য়েরকৃত মামলাগু‌লো দ্রুত বিচার ট্রাইব্যুনালে অল্প সম‌য়ে নিষ্পত্তি করা যা‌বে।”

তিনি বলেন, অবৈধ অর্থ রাখার দায়ে দুদকের একটি মামলায় ২০১৮ এর মার্চে রানা প্লাজার মালিকের তিন বছর ও মাকে ছয় বছর কারাদণ্ড দেওয়া হয়েছে। কিন্তু মূল অভিযোগে এখনও কোনো শাস্তি হয়নি।

টিআইবি বোর্ড অব ট্রাস্টির চেয়ারপারসন অ্যাডভোকেট সুলতানা কামাল বলেন, রানা প্লাজা দুর্ঘটনা প্রকাশ্যে দিবালোকে হ‌য়ে‌ছে। দুর্ঘটনা কেন হয়েছে, কেন ভাঙল ভবনটি- তা সবার কাছে পরিষ্কার।

“আহত ব্যক্তি ও নিহতদের আত্মীয়-স্বজন অনেকেই এ মামলার সাক্ষ্য দি‌তে প্রস্তুত র‌য়ে‌ছে। তারপরও সাক্ষ্যগ্রহ‌ণের অভা‌বে উচ্চ আদাল‌তের মাধ্য‌মে আসা‌মিরা মামলা‌টি আট‌কে রে‌খে‌ছে।.. অর্থাৎ যারা রা‌জনৈ‌তিক, সামা‌জিক ও অর্থ‌নৈ‌তিকভা‌বে প্রভাবশালী তারা সব সময় বিচার প্রক্রিয়ায় প্রতিবন্ধকতা সৃ‌ষ্টি করে, যা সাম‌গ্রিক সুশাস‌ন নি‌শ্চি‌তে প্রভাবিত কর‌ছে।”

গবেষণা প্রতিবেদনটি উপস্থাপন করেন সংস্থার সহকারী প্রোগ্রাম ম্যানেজার নাজমুল হুদা মিনা।

রানা প্লাজার প্রসঙ্গ টেনে তিনি জানান, রানা প্লাজার মালিক ও কারখানা মালিকদের বিরুদ্ধে ফৌজদারি এবং শ্রম আদালতে একধিক মামলা দযের করা হয়েছে।সিআইডি দায়েরকৃত মামলায় ২০১৫ সালে দন্ডবিধিআইনে ৪১ জনের বিরুদ্ধে চার্জশিট প্রদান করা হয়েছে। কিন্তু আসামি পক্ষের আবেদনের প্রেক্ষিতে উচ্চ আদালতের স্থগিতাদেশ রয়েছে এখন।

“আর ইমারত আইনের মামলায় ১৮ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে। কিন্ত এর চ্যালেঞ্জ হলো আসামিরা ঢাকা জেলা ও দায়রা জজ আদালতে রিভিশন মামলা দায়ের করেছে, যা নিষ্পত্তি হয়নি এখনো।

টিআইবির প্রতিবেদনে বলা হয়, কারখানা নিরাপত্তাজনিত গৃহীত ১০২টি পদক্ষেপের মধ্যে সম্পূর্ণ বাস্তবায়ন হয়েছে ৩৯ শতাংশ (৪০টি), চলমান অগ্রগতি হয়েছে ৪১ শতাংশ (৪২টি) এবং স্থবির রয়েছে ২০ শতাংশ (২০টি)।

টিআইবির পরিচালক রফিকুল হাসান এসময় উপস্থিত ছিলেন।