২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সফটওয়্যার তৈরিতে ইন্টারেক্টিভ আর্টিফ্যাক্টকে অর্থায়ন করবে বিডি ভেঞ্চার

অস্থি ও স্নায়ু সংক্রান্ত রোগের চিকিৎসকদের কাজে সহায়তা করতে ‘কী নেট’ নামের একটি সফটওয়্যার তৈরিতে ইন্টারেক্টিভ আর্টিফ্যাক্টকে অর্থায়ন করছে বিডি ভেঞ্চার লিমিটেড।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Mar 2018, 08:48 PM

Updated : 19 Aug 2022, 01:44 PM

এ বিষয়ে প্রতিষ্ঠান দুটির মধ্যে একটি চুক্তি হয়েছে।

রোববার রাজধানীর কাওরান বাজারের সফটওয়্যার টেকনোলজি পার্ক সম্মেলনকক্ষে এ চুক্তি হয়।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

অনুষ্ঠানে বিডি ভেঞ্চার লিমটেডের সভাপতি মো. এহসানুল হক, ব্যবস্থাপনা পরিচালক শওকত হোসেন এবং ইন্টারেক্টিভ আর্টিফ্যাক্ট লিমিটেডের প্রধান নির্বাহী ও প্রতিষ্ঠাতা নুসরাত জাহান উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে নুসরাত জাহান জানান, তার প্রতিষ্ঠানের তৈরি সফটওয়্যারটি ডিজিটাল পদ্ধতিতে শারীরিক ব্যায়াম পর্যবেক্ষণ করবে এবং অঙ্গ সঞ্চালনের সঠিকতা সম্পর্কে রিপোর্ট দেবে।

অনুষ্ঠানে প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক ফেইসবুক লাইভের মাধ্যমে সংশ্লিষ্ট উদ্যোক্তাদের জানান, “পাঠাও, চল, মাইন্ড ফিশারের মতো আরও অনেক সফটওয়্যার দিয়ে ব্যবসা চালিয়ে দিন দিন প্রবৃদ্ধি করছে। কারও কাছে যদি এরকম কোনো প্রস্তাব থাকে তাহলে তাদেরকে সরকারি সিড মানি দেওয়ার পাশাপাশি প্রয়োজন হলে এরকম ভেঞ্চার কোম্পানির সঙ্গে যোগাযোগ করিয়ে দিতে পারব।

“জনতা টাওয়ারে এরকম দশটি স্টার্টারকে বসার সুযোগ দেওয়া হবে। এর আগে আইসিটি ডিভিশনে আরও ২৫টি স্টার্টারকে বসার জায়গা করে দিয়েছে।”

তিনি বলেন সারা দেশে নির্মাণাধীন আরও ২৮টি আইটি পার্কের একটি করে ফ্লোর স্টার্টারদের জন্য রাখা হবে।