২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জিবিএক্সের বিরুদ্ধে রিট আবেদনের শুনানি পিছিয়েছে

সমুদ্রপথে পণ্য পরিবহনকারী আন্তর্জাতিক প্রতিষ্ঠান ‘হাপাগ-লয়েডের দেশীয় এজেন্ট ও মালামাল সরবরাহকারী প্রতিষ্ঠান জিবিএক্স লজিস্টিকসের বিরুদ্ধে কর ফাঁকি ও অর্থ পাচার সংক্রান্ত রিট আবেদনের শুনানি ১ এপ্রিল পিছিয়েছে হাই কোর্ট।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Mar 2018, 05:38 PM

Updated : 19 Aug 2022, 01:42 PM

একই আইনজীবীর একই ধরনের রিট আবেদন খারিজ হয়ে যাওয়ার পর আবারও এই আবেদন হওয়ায় তা নিয়ে আদালতের কাছে সন্দেহ দেখা দিয়েছে বলে জানিয়েছেন বিবাদী পক্ষের আইনজীবীরা।

জিবিএক্স লজিস্টিকসের বিরুদ্ধে মতিউর রহমান নামে একজন আইনজীবী সম্প্রতি রিট আবেদনটি করেন। তিনি

এর আগেও এই কোম্পানিটির বিরুদ্ধে প্রায় একই ধরনের অভিযোগে একটি রিট করেছিলেন; যেটি খারিজ করে দিয়েছিল উচ্চ আদালত।

নতুন রিট আবেদনটি গত ১১ ফেব্রুয়ারি শুনানির জন্য উঠলে রাষ্ট্রপক্ষের আইনজীবীর আপত্তিতে তা তিন সপ্তাহের জন্য মুলতবি রাখা হয়েছিল।

বুধবার তা বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি মো. আশরাফুল কামালের হাই কোর্ট বেঞ্চে শুনানির জন্য ওঠে।

আদালতে রিট আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী আজমালুল হোসেন কিউসি। সঙ্গে ছিলেন আইনজীবী শাহীন খান। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোতাহার হোসেন সাজু।

জিবিএক্স লজিস্টিকসের পক্ষে আইনজীবী আসাদুজ্জামান, হাপাগ লয়েয়েডের পক্ষে ব্যারিস্টার তানজিব উল আলম শুনানি করেন।

শুনানি পেছানোর কারণ জানতে চাইলে শাহীন খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এ রিট আবেদনে বাংলাদেশ ব্যাংক, দুর্নীতি দমন কমিশন ও জাতীয় রাজস্ব বোর্ডকেও (এনবিআর) বিবাদী করা হয়েছে। এখন পর্যন্ত তারা কী ব্যবস্থা গ্রহণ করেছে বা এ বিষয়ে তাদের বক্তব্য কী, সেটা জানতেই শুনানি পেছানো হয়েছে। আদালত রিটকারী পক্ষকে এই তিন বিবাদীকে চিঠি দিতে বলেছে।”

ব্যারিস্টার তানজিব বলেন, “আজ রিট আবেদনটি শুনানির জন্য উঠলে আবেদনকারী পক্ষের সময় আবেদনের প্রেক্ষিতে আদালত শুনানি পিছিয়ে ১ এপ্রিল দিন রেখেছে।

“আবেদনের বিষয়ে  আদালত বলেছে, এই রিট আবেদনে ইঁদুরের গন্ধ পাওয়া যাচ্ছে।”

Image
ফাইল ছবি

ফাইল ছবি

অভিযোগের বিষয়ে জিবিএক্সের পরিচালক আহমেদ ইউসুফ ওয়ালিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেছিলেন, এই ধরনের আবেদনের পেছনে তাদের ‘ব্যবসায়িক প্রতিপক্ষ কেউ থাকতে পারে’।

মতিউর রহমানের দায়ের করা ওই রিট আবেদনে বলা হয়, ২০১২ সালে হাপাগ-লয়েডের এজেন্ট ছিল এসডব্লিউ শিপিং কোম্পানি নামের একটি প্রতিষ্ঠান। সে বছর তারা কন্টেইনার সরবরাহ করে কমিশন হিসেবে সাত কোটি ৮১ লাখ টাকা আয় করে।

“অথচ জিবিএক্স লজিস্টিকস লিমিটেড ২০১৪ সালে তাদের অর্থনৈতিক নিরীক্ষায় দেখিয়েছে, এসডব্লিউ শিপিং কোম্পানির চেয়ে দ্বিগুণ কন্টেইনার সরবরাহ করে আয় করেছে মাত্র পাঁচ কেটি টাকা।”

রিট আবেদনে বলা হয়, হাপাগ-লয়েড ছাড়াও ওই বছর সিঙ্গাপুরের ওইএল ও বিএলপিএল’র এজেন্ট হিসেবে কাজ করে ৮ কোটি ১২ লাখ ৪০১ টাকা আয় হয় বলে প্রতিবেদনে উল্লেখ করে জিবিএক্স। সে হিসাবে ২০১৪ সালে কোম্পানিটির প্রদর্শিত মোট আয় ১২ কোটি ১২ লাখ ৪০১ টাকা।

পুরো আয়ের উপর তাদের ৩৭.৫ শতাংশ হারে আয়কর দেওয়ার কথা থাকলেও জিবিএক্স লজিস্টিকস ৫ শতাংশ হারে উৎসে কর দিয়েছে বলে রিটকারীর অভিযোগ।

জিবিএক্স লজিস্টিকস লিমিটেডের বিরুদ্ধে রাজস্ব ফাঁকি, অর্থপাচারের অভিযোগ আনার পরও জাতীয় রাজস্ব বোর্ড, দুর্নীতি দমন কমিশন ও বাংলাদেশ ব্যাংকের নিস্ক্রিয়তা কেন আইনবিরুদ্ধ ঘোষণ করা হবে না এবং জিবিএক্স লজিস্টিকস লিমিটেডের কাস্টমস লাইসেন্স কেন বাতিল করা হবে না- তা জানতে রুল চাওয়া হয় রিট আবেদনে।

এছাড়া হাপাগ-লয়েড ও জিবিএক্স লজিস্টিকস লিমিটেডের চুক্তিসহ সব নথি প্রকাশ করতে নির্দেশনা চান আইনজীবী মতিউর।

পুরনো খবর:

জিবিএক্স লজিস্টিকসের বিরুদ্ধে কর ফাঁকির অভিযোগ