টেলিটকের ফোর-জি সেবার জন্য আরো অপেক্ষা: মন্ত্রী
রাষ্ট্রায়ত্ত মোবাইল ফোন অপারেট টেলিটকের ফোর-জি সেবা পেতে গ্রাহকদের তিন থেকে চার মাস অপেক্ষা করতে হবে বলে জানিয়েছেন ডাক টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তাফাজব্বার।
গত ১৯ ফেব্রুয়ারি লাইসেন্স পাওয়ার পরপরই অপারেটর গ্রামীণফোন, রবি ও বাংলালিংক ফোর-জি সেবা শুরু করে দিয়েছে।
ওইদিন টেলিটকের ব্যবস্থাপনা পরিচালক কাজী গোলাম কুদ্দুস ‘খুব শিগগিরই’ ফোর-জি সেবা চালুর কথা বলেছিলেন।
এ বিষয়ে রোববার নিজ দপ্তরে মন্ত্রী মোস্তাফা জব্বার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “তাড়াতাড়ি হয়ে যাবে। একটু গুছিয়ে নিই। আগে কিছু ইনভেস্টমেন্টের ব্যবস্থা করি, কিছু টাকা-পয়সার ব্যবস্থা করি। একটা চলার মতো জায়গায় যাক, তারপর।”
আগামী কয়েক মাসের মধ্যে টেলিটক ফোর-জি সেবায় আসবে আশা প্রকাশ করে তিনি বলেন, “তিন চার মাস তো লাগবে। কারণ প্রজেক্ট বাস্তবায়ন করা, একটু সামনের জায়গায় ডিসকাশনের পর্যায়েও আছে। দুই-তিন মাসের মধ্যে একটা রেজাল্ট পাবেন।”
লোগো বদলে নতুনভাবে শুরুর ঘোষণা দিলেও প্রত্যাশা পূরণে এখনও সফল হয়নি টেলিটক
রবি তাদের হাতে থাকা তরঙ্গ ‘প্রযুক্তি নিরপেক্ষতায়’ রূপান্তর করে ফোর-জি সেবায় আসছে। টেলিটকও একইভাবে এই সেবা দেবে, যদিও তারা এখনও প্রযুক্তি নিরপেক্ষতা সুবিধা পাওয়ার অপেক্ষায় রয়েছে।
তরঙ্গের প্রযুক্তি নিরপেক্ষতার সুবিধা পেতে গত ১৯ ফেব্রুয়ারি টেলিটকের পক্ষ থেকে আবেদন করা হয়। বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে বলে বিটিআরসির একটি সূত্র জানিয়েছে।
প্রযুক্তি নিরেপক্ষতার জন্য আবেদনের সময় শেষ হয়েছে ২০ ফেব্রুয়ারি।
টেলিটকের ব্যবস্থাপনা পরিচালক কাজী গোলাম কুদ্দুস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ফোর-জি সেবা চালু করতে আমরা কাজ শুরু করে দিয়েছি। আশা করি খুব দ্রুত গ্রাহককে এ সেবা দিতে পারব।“
বিটিআরসির সর্বশেষ হিসাবে জানুয়ারির শেষ নাগাদ চারটি মোবাইল অপারেটরের মোট গ্রাহক ১৪ কোটি ৭০ লাখ।
এর মধ্যে গ্রামীণফোনের ছয় কোটি ৫৮ লাখ ৬৬ হাজার, রবির চার কোটি ৪২ লাখ ২৫ হাজার, বাংলালিংকের তিন কোটি ২৩ লাখ ৫৬ হাজার এবং টেলিটকের গ্রাহক সংখ্যা ৪৫ লাখ ৫৩ হাজার।
