২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘প্রযুক্তিনির্ভর সেবার বিকল্প নেই’

আধুনিক ব্যাংকিং ব্যবস্থায় টিকে থাকতে হলে প্রযুক্তিনির্ভর নিত্যনতুন সেবা দেওয়ার কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর এবং বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের প্রধান আবু হেনা মো. রাজী হাসান।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Mar 2018, 08:06 PM

Updated : 19 Aug 2022, 01:41 PM

কক্সবাজারের রয়েল টিউলিপ সি পার্ল বিচ রিসোর্টে এক অনুষ্ঠানে তিনি বলেন, “টেকসই ব্যবসার জন্য প্রযুক্তি ব্যবহার আবশ্যক, তবে ব্যবহারের পূর্বেই এগুলোর ঝুঁকি নিরূপণপূর্বক প্রয়োজনীয় প্রতিরোধমূলক ব্যবস্থা নিতে হবে। প্রযুক্তিনির্ভর ব্যাংকিং পণ্য ও সেবা উদ্ভূত ঝুঁকি মোকাবেলায় বিশ্বব্যাপী আবার প্রযুক্তিরই সহায়তা নেওয়া হচ্ছে।”

বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) এর উদ্যোগে তফসিলি ব্যাংকসমূহের 'প্রধান মানিলন্ডারিং প্রতিরোধ পরিপালন কর্মকর্তা সম্মেলন-২০১৮’ অনুষ্ঠিত হয় বলে শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

সম্মেলনে ব্যাংক কর্মকর্তাদের সঙ্গে আইন প্রয়োগকারী সংস্থার মুদ্রাপাচার ও সন্ত্রাসে অর্থায়ন সংক্রান্ত বিষয়ে মতবিনিময়ের ফলে এ সব ঝুঁকি সম্পর্কে জানার সুযোগ তৈরি হবে বলে আশাবাদ ব্যক্ত করেন রাজী হাসান।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক এবং বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের উপপ্রধান মোহাম্মদ মিজানুর রহমান জোদ্দার, বাংলাদেশ ব্যংকের চট্টগ্রাম অফিসের নির্বাহী পরিচালক মো. হুমায়ুন কবির, বিএফআইইউর পরামর্শক দেবপ্রসাদ দেবনাথ প্রমুখ।