যুক্তরাষ্ট্রের সঙ্গে অবাধ বাণিজ্য চুক্তি চায় বাংলাদেশ
যুক্তরাষ্ট্রের বাজারে শুল্ক ও কোটামুক্ত প্রবেশাধিকার এবং জিএসপি সুবিধা প্রত্যাখ্যাত হয়ে বাংলাদেশ এখন অবাধ বাণিজ্য চুক্তির আশা করছে।
বৃহস্পতিবার ঢাকায় ২৫তম ইউএস ট্রেড শো উদ্বোধন করে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেন, “যেহেতু আমরা শুল্ক-কোটা মুক্ত সুবিধা পাচ্ছি না সেহেতু যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যে অবাধ বাণিজ্য চুক্তির (এফটিএ) প্রস্তাব করছি।”
স্বল্পোন্নত দেশের (এলডিসি) থাকা অবস্থায় শুল্ক ও কোটামুক্ত সুবিধা বাংলাদেশের প্রাপ্য ছিল বলে মন্তব্য করেন তিনি।
মন্ত্রী বলেন, “যেহেতু আমরা উন্নতি করছি তাই এখন আর এটা প্রত্যাশা করি না। বিশ্বের অনেক দেশের সঙ্গে আমরা এফটিএ করার পরিকল্পনা করেছি।”
অনুষ্ঠানে উপস্থিত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট পরে সাংবাদিকদের বলেন, এই প্রস্তাবের মধ্য দিয়ে মন্ত্রী ‘বাস্তবসম্মত লক্ষ্যের’ কথা বলেছেন।
“এটাতে (এফটিএ আলোচনা) বেশ কয়েক বছর লাগবে। কিন্তু এফটিএ কেমন হবে তা নিয়ে এখন কেন আলোচনা শুরু হবে না।”
বর্তমানে বিশ্বের কোনো দেশের সঙ্গেই বাংলাদেশের অবাধ বাণিজ্য চুক্তি নেই।
বাণিজ্যমন্ত্রী বলছেন, এই বছরই শ্রীলঙ্কার সঙ্গে এই চুক্তি হবে বলে তারা আশা করছেন।
“থাইল্যান্ডও এফটিএ প্রস্তাব করেছে। মালয়েশিয়াও এই প্রস্তাব দিয়েছে।”
বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চলগুলোতে বিনিয়োগের জন্য যুক্তরাষ্ট্রের উদ্যোক্তাদের প্রতি আহ্বান জানান তোফায়েল আহমেদ।
“আমাদের এফডিআই (সরাসরি বিদেশি বিনিয়োগ) নীতি অনেক উদার,” বলেন তিনি।
২০১৩ সালে সাভারের রানা প্লাজা ধসে সহস্রাধিক পোশাক শ্রমিকের প্রাণহানির পর কারখানার নিরাপত্তা ও শ্রমিক অধিকার উপেক্ষিত হওয়ার কারণ দেখিয়ে বাংলাদেশের জিএসপি সুবিধা বাতিল করে যুক্তরাষ্ট্র।
এই সুবিধা ফিরে পেতে পোশাক কারখানার কাজের পরিবেশ উন্নয়নসহ সংশ্লিষ্ট কয়েকটি খাতের পরিবেশ উন্নয়নের শর্ত জুড়ে দেওয়া হয়েছিল।
এরপর তৈরি পোশাক খাতসহ সংশ্লিষ্ট ক্ষেত্রে উন্নয়ন করে সেই চিত্র জানানোর পরেও জিএসপির ওপর স্থগিতাদেশ প্রত্যাহার করা হয়নি।
বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বুধবার বলেন, “মার্কিন যুক্তরাষ্ট্রের কাছ থেকে আমরা জিএসপি সুবিধা পাওয়ার আশা করি না। কারণ আমরা যত কিছুই অগ্রগতি লাভ করি না কেন, মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশকে এই সুবিধা দেবে না।
ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাসের সহযোগিতা নিয়ে ১৯৯২ সাল থেকে এই ট্রেড শোর আয়োজন করছে আমেরিকান চেম্বার অব কমার্স ইন বাংলাদেশ (অ্যামচেম)। নব্বই দশকের প্রথমভাগের ওই সময়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য ছিল মাত্র ১ বিলিয়ন ডলারের, যা এখন ৭ বিলিয়ন ডলার ছাড়িয়েছে।
সোনারগাঁও হোটেলে তিন দিনের এই ট্রেড শোতে যুক্তরাষ্ট্রের দেড় শতাধিক কোম্পানির পণ্য ও সেবা প্রদর্শিত হবে। কৃষি ও ভোগ্য পণ্য থেকে গাড়ি নির্মাতারা রয়েছে এসব কোম্পানির মধ্যে।
প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত প্রদর্শনী উন্মুক্ত থাকবে। প্রবেশ মূল্য রাখা হচ্ছে জনপ্রতি ৩০টাকা। তবে শিক্ষার্থীদের ঢুকতে কোনো টাকা লাগবে না।
