২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘বিশ্বসেরা পাঁচ প্রযুক্তি প্রতিষ্ঠান কারখানা করবে বাংলাদেশে’

তথ্য-প্রযুক্তিখাতের বিশ্বসেরা পাঁচ ব্র্যান্ড বাংলাদেশে কারখানা স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী মোস্তাফা জব্বার।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Feb 2018, 05:46 PM

Updated : 19 Aug 2022, 01:33 PM

বুধবার কম্পিউটার সিটি সেন্টারে পাঁচদিনব্যাপী ‘ডিজিটাল আইসিটি ফেয়ার-২০১৮’ এর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “এ মুহূর্তে অন্ততপক্ষে নামগুলো বলছি না কিন্তু ৫টি আন্তর্জাতিক বিশ্বসেরা ব্র্যান্ড আছে, যারা বাংলাদেশে কারখানা স্থাপন করার সিদ্ধান্ত নিয়েছে।

“আমরা আশা করি ২০১৮ সালে সবগুলোতে উৎপাদন দেখতে পারব। এটি বাংলাদেশের জন্য গৌরবের।” 

হার্ডওয়্যার সংযোজন ও উৎপাদনে ৯৪টি পণ্যের ওপর শুল্ক কমিয়ে এক শতাংশ করার ফলে দেশে হার্ডওয়্যার ম্যানুফ্যাকচারিং সম্ভবনা তৈরি হয়েছে জানিয়ে মন্ত্রী বলেন, হার্ডওয়্যার রপ্তানিতে ১০ শতাংশ ক্যাশ ইনসেনটিভ দিতে খুব দ্রুত এসআরও জারি করা হবে।

বাংলাদেশে এ মাসের মধ্যে প্রথম নেপাল ও নাইজেরিয়ায় কম্পিউটার রপ্তানি করতে যাচ্ছে বলেও জানান মন্ত্রী।

বিটিআরসির তথ্য অনুযায়ী, দেশীয় কোম্পানি ওয়ালটন দেশেই স্মার্টফোন তৈরির কারখানা চালু করার পর ‘সিম্ফনি’ ও ‘উই' ইতোমধ্যে কারখানা নির্মাণের কাজ এগিয়ে নিয়েছে।

এছাড়া বিশ্বের শীর্ষস্থানীয় ইলেকট্রনিক্স ব্র্যান্ড স্যামসাং বিটিআরসির সঙ্গে আলোচনায় বাংলাদেশে হ্যান্ডসেট কারখানা স্থাপনে আগ্রহের কথা জানিয়েছে।

সূলভ মূল্যে ইন্টারনেট সেবা দিতে উদ্যেগে নেওয়া হয়েছে জানিয়ে মোস্তাফা জব্বার বলেন, “২০১৮ সালের মধ্যে দেশে এমন কোনো ইউনিয়ন থাকবে না যেখানে ফাইবার অপটিক থাকবে না। পৃথিবীতে সবচেয়ে কমদামে ইন্টারনেট দেওয়ার লড়াইটা আমরা করতে চাই।”

মেলার আহ্বায়ক ও কম্পিউটার সিটি সেন্টারের সভাপতি তৌফিক এহেসানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন শিক্ষাবিদ ও এশিয়া প্যাসিফিক বিশ্ববিদ্যালয়ের উপাচার‌্য জামিলুর রেজা চৌধুরী, এফবিসিসিআই সভাপতি মো. শফিউল ইমলাম, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ, কম্পিউটার সমিতির সভাপতি আলী আশরাফ, দোকান মালিক সমিতির চেয়ারম্যান মো. হেলাল উদ্দিন।

পুরনো খবর:

বাংলাদেশে প্রথম স্মার্টফোন কারখানার যাত্রা শুরু
দেশে স্মার্টফোন তৈরিতে আসছে সিম্ফনি-উই
কারখানা করছে স্যামসাং, বাংলাদেশেই হবে টিভি-ফ্রিজ