২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশে কর্মরত ৮৫ হাজার বিদেশি

বাংলাদেশে বিভিন্ন কর্মক্ষেত্রে ৮৫ হাজার বিদেশি কাজ করছেন, এদের প্রায় অর্ধেক ভারতীয়।

সংসদ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Feb 2018, 07:35 PM

Updated : 19 Aug 2022, 01:32 PM

রোববার জাতীয় সংসদে এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বিদেশিদের তথ্য তুলে ধরেন।

জাতীয় পার্টির এ কে এম মাঈদুল ইসলামের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, মোট ৮৫ হাজার ৪৮৬ জন বিদেশি নাগরিক বাংলাদেশে কাজ করছেন। এদের মধ্যে সবচেয়ে বেশি ৩৫ হাজার ৩৮৬ জন ভারতের নাগরিক।

বিদেশিদের মধ্যে সবচেয়ে বেশি ৬৭ হাজার ৮৫৩ জন ব্যবসা করছেন বাংলাদেশে, তারা বিভিন্ন ব্যবসায় প্রতিষ্ঠানের মালিক।

বিদেশিদের মধ্যে বিশেষজ্ঞ হিসেবে কাজ করছেন ৮ হাজার ৩০০ জন, কর্মকর্তা হিসেবে কাজ করছেন  ৩ হাজার ৬৮২ জন, খেলোয়াড় বা ক্রীড়া সংগঠক ২ হাজার ১০৫ জন, বিনিয়োগকারী ৯২২ জন, ব্যক্তিগত কর্মচারী ৮০৪ জন, বিভিন্ন যন্ত্রপাতির কারিগরি কর্মী ৭২৭ জন, এনজিও ব্যক্তিত্ব ৫৬১ জন, গবেষণা কাজে ৪০০ জন এবং হলিডে ওয়ার্কার ১৩২ জন।

কর্মরত বিদেশিদের মধ্যে ভারতের পরই রয়েছে চীন; দেশটির ১৩ হাজার ২৬৮ জন কাজ করছেন বাংলাদেশে।

এছাড়া জাপানের ৪ হাজার ৯৩ জন, দক্ষিণ কোরিয়ার ৪ হাজার ৯৩ জন, মালয়েশিয়ার ৩ হাজার ৩৯৫ জন, শ্রীলঙ্কার ৩ হাজার ৭৭ জন, থাইল্যান্ডের ২ হাজার ২৮৪ জন, যুক্তরাজ্যের ১ হাজার ৮০৪ জন, যুক্তরাষ্ট্রের ১ হাজার ৪৪৮ জন, জার্মানির ১ হাজার ৪৪৭, সিঙ্গাপুরের ১ হাজার ৩২০ জন, তুরস্কের ১ হাজার ১৩৪ জন নাগরিক বাংলাদেশে কাজ করছেন।

তরীকত ফেডারেশনের এম এ আউয়ালের এক প্রশ্নের জবাবে আসাদুজ্জামান কামাল জানান, ২০০৯ থেকে ২০১৭ সাল পর্যন্ত সময়ে অবৈধভাবে আসা ৪ হাজার ১৩০ দশমিক ২৫ কেজি স্বর্ণ আটক করা হয়।

সরকারি দলের সুকুমার রঞ্জন ঘোষের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, গত বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত চার কোটি ৭৯ হাজার ৪৪৩ ইয়াবা উদ্ধার করা হয়েছে।

ইয়াবা পাচার রোধে টেকনাফে একটি ‘স্পেশাল জোন’ করার প্রস্তাব সরকারের বিবেচনায় আছে বলে জানান তিনি।