২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আর্জেন্টিনার সঙ্গে ব্যবসা বাড়াতে উদ্যোগী এফবিসিসিআই

আর্জেন্টিনার ব্যবসায়ীদের সঙ্গে বাণিজ্য সম্প্রসারণে বিশেষ উদ্যোগ নিয়েছে বাংলাদেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Dec 2017, 08:12 PM

Updated : 19 Aug 2022, 06:14 PM

শনিবার সংগঠনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সম্প্রতি আর্জেন্টিনায় বিশ্ব বাণিজ্য সংস্থার মন্ত্রীপর্যায়ের ১১তম সম্মেলনে দেশটির ব্যবসায়ীদের এ বিষয়ে আলোচনা করেন এফবিসিসিআইর প্রথম সহ-সভাপতি শেখ ফজলে ফাহিম।

দ্বিপক্ষীয় বাণিজ্য উন্নয়নে দুই দেশের ব্যবসায়ীদের সংগঠনের মধ্যে শিগগিরই সমঝোতা স্মারক স্বাক্ষরিত হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

আলোচনায় আর্জেন্টিনা চেম্বার অব কমার্স অ্যান্ড সার্ভিসেসের বৈদেশিক বাণিজ্য বিভাগের প্রধান আন্দ্রেস ত্রাভারসো, প্রধান অর্থনীতিবিদ মাটিয়াস বলিস উইলসন ও মারিয়া ফ্লোরেন্সিয়া ক্যাসটিলো উপস্থিত ছিলেন।

বিশ্ব বাণিজ্য সংস্থার ওই সম্মেলনে যোগ দিতে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদের সফরসঙ্গী হিসেবে গত ১০ ডিসেম্বর আর্জেন্টিনা যান এফবিসিসিআইর প্রথম সহ-সভাপতি শেখ ফজলে ফাহিম।