২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রাম বন্দরের সঙ্গে আমার আত্মার সম্পর্ক: অর্থমন্ত্রী

চট্টগ্রাম বন্দর শিপিং বিষয়ক সংবাদমাধ্যম ‘লয়েডস লিস্টের’ জরিপে ৭১তম স্থান অর্জন করায় ‘নানা সমস্যা থাকা’ বন্দরটির অগ্রযাত্রার প্রশংসা করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Dec 2017, 05:34 PM

Updated : 12 Apr 2022, 12:57 AM

বন্দর কর্তৃপক্ষের হাতে লয়েডস লিস্টের ওই স্বীকৃতির সনদপত্র তুলে দিতে মঙ্গলবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) আয়োজিত এক অনুষ্ঠানে এ প্রশংসা করেন তিনি।

অর্থমন্ত্রী বলেন, “নানা অসুবিধার মধ্য দিয়ে আমরা এ অবস্থায় এসেছি। বন্দরের টাকা-পয়সাসহ নানা সমস্যা রয়েছে, যা সবসময় সমাধান করা সরকারের পক্ষে সম্ভব হয় না।

“এত অব্যবস্থাপনা ও টাকার অভাবের মধ্য দিয়ে আমরা এ পর্যায়ে এসেছি। এই অর্জন বিশ্বে বাংলাদেশের নাম উজ্জ্বল অক্ষরে স্থাপন করেছে।”

লন্ডনভিত্তিক শিপিং বিষয়ক বিশ্বের সবচেয়ে পুরনো সংবাদমাধ্যম লয়েডস লিস্ট তাদের ২০১৭ সালের প্রকাশিত জরিপে বিশ্বের শীর্ষ ১০০ কন্টেইনার বন্দরের মধ্যে চট্টগ্রাম বন্দরকে ৭১তম হিসেবে ঘোষণা করে। এর আগে ২০১৬ সালের প্রকাশিত জরিপে বাংলাদেশের স্থান ছিল ৭৬তম।

এক বছরে পাঁচ ধাপ এগিয়ে আসার প্রশংসা করে অর্থমন্ত্রী বলেন, “স্বাধীনতার পর ঘুরে দেখতে গিয়ে বন্দরটিকে বিধ্বস্ত অবস্থায় দেখেছিলাম, সেই থেকে এই বন্দরের সাথে আমার আত্মার সম্পর্ক। খুব ভাল লাগে যখন এই বন্দর বিশ্বের সেরা বন্দরের কাতারে উঠে আসে।”

এই স্বীকৃতি থেকে অনুপ্রাণিত হয়ে বন্দর কর্তৃপক্ষকে পরবর্তী পদক্ষেপ হাতে নেওয়ার পরামর্শ দিয়ে অর্থমন্ত্রী আশা প্রকাশ করেন, ২০৪১ সাল নাগাদ চট্টগ্রাম বন্দর সেরা ৩০টি বন্দরের অন্তর্ভুক্ত হবে।

বন্দর নিয়ে দেশের ব্যবসায়ীদের অভিযোগ রয়েছে জানিয়ে ভবিষ্যতে তাদের সুবিধা বিবেচনায় রেখে বন্দরের অবকাঠামোগত উন্নয়ন পরিচালনার পরামর্শ দেন অনুষ্ঠানের বিশেষ অতিথি বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।

তিনি বলেন, “ব্যবসা-বাণিজ্যে বন্দরের ভূমিকা উল্লেখযোগ্য। আমার কাছে ব্যবসায়ীদের অভিযোগ আসে যে, তারা রপ্তানি করতে যেয়ে বন্দরে নানা সমস্যায় পড়েন; দেশের ব্যবসায়ীরা ও রপ্তানিকারকরা বাধাগ্রস্ত যাতে না হন, এমনভাবে বন্দরের উন্নয়ন করতে হবে। বন্দরের দক্ষতা ভবিষ্যতে আরও বৃদ্ধি হবে প্রত্যাশা করছি।”

নৌপরিবহন মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব আবদুস সামাদ বলেন, “আমরা মোটেই তুষ্ট নই, আরও অনেক কিছু করার স্বপ্ন নিয়ে এগিয়ে যাব। বন্দরের এখনো অনেক সমস্যা ও প্রতিবন্ধকতা রয়ে গেছে, সেসব দূরীকরণে সরকারি ও বেসরকারি সেক্টরের সম্মিলিত উদ্যোগ চাই।”

অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর বেসরকারি খাত উন্নয়ন বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান বলেন, “দেশের সামগ্রিক উন্নয়নের জন্য ‘এনার্জি’ ও অবকাঠামোগত উন্নয়ন একে অন্যের পরিপূরক। নতুন শিল্পের অন্য এই দুটি খুবই প্রয়োজন।

“দেশের অবকাঠামো উন্নয়নে বন্দরের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ। বন্দরের উন্নয়নে যেসব সাহায্য-সহযোগিতা প্রয়োজন বেসরকারি সেক্টর থেকে দেওয়া হবে।”

অনুষ্ঠানে লয়েডস লিস্টের উপ-সম্পাদক লিন্টন নাইটএংগেল চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল এম খালেদ ইকবালের হাতে সনদপত্র হস্তান্তর করেন।

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ আয়োজিত এই অনুষ্ঠানে নৌপরিবহনমন্ত্রী শাহজাহান খান, এফবিসিসিআই সভাপতি সফিউল ইসলাম মহিউদ্দিন, বিজিএমইএর সভাপতি সিদ্দিকুর রহমান, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) চেয়ারম্যান কাজী আমিনুল ইসলামসহ সরকারি ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

লয়েডস লিস্টে চট্টগ্রাম বন্দর

এবছরের সেপ্টেম্বরে প্রকাশিত ২০১৬ সালের লয়েডস লিস্টের জরিপে কনটেইনার পরিবহনের সংখ্যার হিসেবে এক বছরের ব্যবধানে পাঁচ ধাপ এগিয়ে ৭১তম অবস্থানে পৌঁছেছে চট্টগ্রাম বন্দর।

জরিপের প্রথম ও দ্বিতীয় স্থানে রয়েছে যথাক্রমে চীন ও সিঙ্গাপুরের দুটি বন্দর।

নৌপরিবহন মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব আবদুস সামাদ জানান, “২০১৬ সালে চট্টগ্রাম বন্দর ২০ লাখের বেশি কন্টেইনার ‘হ্যান্ডেল’ করেছে; এবং ২০১৭ সালে তা বেড়ে দাঁড়িয়েছে সাড়ে ২৩ লাখ।”

লয়েডস লিস্ট দেওয়া তথ্য অনুযায়ী, ২০১৬ সালে বিশ্বের সেরা একশ বন্দর দিয়ে ৫৫ কোটি ৪৯ লাখ কন্টেইনার পরিবহন করা হয়েছে। বিশ্বের চার হাজার বন্দরের মধ্যে পাঁচশটি নিয়মিত কন্টেইনার হ্যান্ডেল করে থাকে।