আনিসুল হক ছিলেন আলোকিত মানুষ: সালমান এফ রহমান
প্রয়াত মেয়র ব্যবসায়ী আনিসুল হকের স্মৃতিচারণ করে আরেক ব্যবসায়ী সালমান এফ রহমান বলেছেন, তিনি কোনো সভা-ঘরোয়া আয়োজনে উপস্থিত হলে তা আলোকিত হয়ে উঠত।
বুধবার বিজিএমইএ আয়োজিত এই স্মরণ সভায় আওয়ামী লীগ সভানেত্রীর বেসরকারি উন্নয়ন বিষয়ক উপদেষ্টা সালমান রহমান ছাড়াও অনেক ব্যবসায়ী আলোচনায় অংশ নেন।
দুই বছর আগে ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র হওয়ার আগে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই ও পোশাক মালিকদের সংগঠন বিজিএমইএ’র সভাপতির দায়িত্ব পালন করেন মোহাম্মদী গ্রুপের কর্ণধার আনিসুল হক। ৬৫ বছর বয়সে গত ৩০ নভেম্বর লন্ডনের একটি হাসপাতালে মারা যান তিনি।
আনিসুল হককে নিয়ে এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি সালমান এফ রহমান বলেন, “ব্যবসা ও সাংস্কৃতিক জীবনে আনিস অনেক আগেই সফল হয়েছিল। ঢাকার মেয়র নির্বাচিত হয়ে শুধু প্রধানমন্ত্রীর মুখই তিনি উজ্জ্বল করেননি, বরং এদেশের ব্যবসায়ী মহলকে তিনি আলোকিত করেছেন। রাজনীতিতে তাদের সম্মান প্রতিষ্ঠা করে গেছেন। ঢাকা শহরের সবচেয়ে সফল মেয়র ছিলেন তিনি।
“ব্যবসায়ীরা যে ভালো রাজনীতিবিদও হতে পারে, তা বুঝিয়ে দিয়ে গেছে আনিসুল হক।”
আনিসুল হকের স্ত্রী রুবানা হক বলেন, “আনিস কপালি মানুষ, কপাল নিয়ে চলে গেছেন। সেটা শুধু একটি কারণে তা হল মাননীয় প্রধানমন্ত্রী তাকে সেই জায়গাটা করে দিয়েছেন। তিনি যদি মেয়র না থাকতেন তাহলে এতো মানুষের ভালোবাসা নিয়ে বিদায় নিতে পারতেন না। কাজেই আমরা আন্তরিকভাবে সরকারকে ধন্যবাদ জানাচ্ছি।
“আনিস কখনও চাননি কর্মহীন জীবনযাপন করতে। আল্লাহ তাকে তার সময় মতো নিয়ে গেছেন। আমাদেরকে তিনি শূন্য করে দিয়ে গেছেন, কিন্তু তিনি খুব সুন্দরভাবে গেছেন।”
পোশাক ব্যবসায়ী আনিসুর রহমান সিনহা বলেন, “আনিসুল ছিল আমার ভাইয়ের চেয়েও অধিক আপন। আমার কোনো কথা সে কখনও ফেলেনি। যেখানেই সেক্রিফাইস সেখানেই আনিসুল।”
ব্যবসায়ী একে আজাদ বলেন, “তার বাসায় গেলে তিনি হো হো করে হেসে উঠে আমাদের সম্ভাষণ জানাতেন। শত ব্যস্ততায়ও আমাদের কথাগুলো শুনতেন, কোনো সমস্যা নিয়ে গেলে তার সমাধান দিতেন।”
বিটিএমইএর সভাপতি তপন চৌধুরী বলেন, “আশির দশকের শেষের দিকে এই মানুষটাকে চিনেছিলাম টিভি অনুষ্ঠানের মাধ্যমে। একজন মানুষ কীভাবে এত সুন্দর গুছিয়ে কথা বলতে পারেন তখন সেটাই ভাবতাম। অল্প সময়ের জীবনে অনেক কিছু করে গেছেন, দেশকে অনেক দিয়ে গেছেন।”
বিজিএমইএর সাবেক সভাপতি আতিকুল ইসলাম বলেন, “অল্প সময়ে যে কোনো মানুষকে আপন করে নিতে পারতেন আনিস ভাই। এই শক্তিই তাকে এত দূর আসতে সাহায্য করেছে।”
আরেক সাবেক সভাপতি আব্দুস সালাম মুর্শিদী বলেন, “আনিসুল একটা ইনস্টিটিউশন। কিন্তু তিনি এত ক্ষণকালের জন্য আসবেন বুঝতে পারিনি। তার কাজের কারণে মানুষ তাকে মনে রাখবে অনেক দিন।
“নির্বাচনের সময় তিনি যে প্রতিশ্রুতিগুলো দিয়েছিলেন তা বাস্তবায়ন সম্ভব হবে ভাবতে পারিনি। আনিস আজকে নেই, কিন্তু তার প্রতিশ্রুতিগুলো ঠিকই দৃশ্যমান,” বলেন তিনি।
পোশাক ব্যবসায়ী আনোয়ার উল আলম চৌধুরী পারভেজ বলেন, “উনার মতো ভালো লোক হয় না। তিনি ছিলেন ব্যবসায়ীদের আস্থার প্রতীক। ডিএনসিসিতে মাত্র ১৮ মাসের সময় তিনি মানুষের মন জয় করেছেন নিজের কাজ দিয়ে।
“২০০৫ সালে যখন কোটা চলে গেল, তখন বুঝতে পারিনি কীভাবে ব্যবসা হবে। কিন্তু আনিসুল সবাইকে বুঝিয়ে ছেড়েছেন যে, ব্যবসা এখনও টিকে থাকবে।”
এসএম ফজলুল হক বলেন, “আনিসুল তার কর্মের গুণেই আমাদের মাঝে বেঁচে থাকবে। প্রধানমন্ত্রী যেমন পছন্দ করতেন, খালেদা জিয়াও তাকে পছন্দ করতেন। একজন মানুষকে দুইজন এভাবে পছন্দের নজির কম।”
বিজিএমইএর সহ-সভাপতি মোহাম্মদ নাছিরের সঞ্চালনায় বিজিএমইএর সভাপতি মো. সিদ্দিকুর রহমান, এফবিসিসিআইএর সভাপতি মো. সফিউল ইসলাম মহিউদ্দিন, বিজিএমইএর সাবেক সভাপতি কুতুবউদ্দিন আহমেদ, কাজী মনিরুজ্জামান, এফবিসিসিআইর সহ-সভাপতি শেখ ফজলে ফাহিম বক্তব্য রাখেন।
