ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারযুক্ত ওয়ালটন হ্যান্ডসেট
ফোনের তথ্য সুরক্ষায় ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারযুক্ত নতুন মোবাইল হ্যান্ডসেট এনেছে ওয়ালটন।
ওয়ালটন রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, ‘প্রিমো এইচএম৪’ মডেলের এই ফোনের দাম সাত ৭ হাজার ৮৯০ টাকা। ফোনটি মিলছে কালো ও সোনালি এই দুটি ভিন্ন রঙে।
ওয়ালটনের সেল্যুলার ফোন গবেষণা ও উন্নয়ন বিভাগের ডেপুটি ডিরেক্টর আরিফুল হক রায়হান জানান, মেটাল ডিজাইনের ফোনটিতে ব্যবহার করা হয়েছে ২ দশমিক ৫ডি কার্ভড গ্লাস ডিসপ্লে প্যানেল। ফলে স্ক্রিন টাচে গ্রাহক স্বাচ্ছন্দ্যবোধ করবেন।
ফোনটির উচ্চগতি নিশ্চিত করতে রয়েছে ১ দশমিক ৩ গিগাহার্জ গতির কোয়াডকোর প্রসেসর। উন্নতমানের গেমিং ও স্পষ্ট ভিডিওর অভিজ্ঞতা দিতে গ্রাফিক্স হিসেবে ব্যবহৃত হয়েছে মালি-৪০০।
এতে রয়েছে ১ জিবি দ্রুতগতির ডিডিআর৩ র্যাম। আছে ৮ গিগাবাইট অভ্যন্তরীণ মেমোরি, যা মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে ৬৪ গিগাবাইট পর্যন্ত বাড়ানো যাবে। ফলে অনেক বেশি ছবি, ভিডিও, ডকুমেন্টস ইত্যাদি সংরক্ষণ করা যাবে।
‘প্রিমো এইচএম৪’ মডেলের নতুন এই স্মার্টফোনের উভয় দিকে রয়েছে বিএসআই সেন্সরযুক্ত ৮ মেগাপিক্সেল ক্যামেরা।
ক্যামেরায় নরমাল মোড ছাড়াও প্রোফেশনাল মোড, ফেস বিউটি, এইচডিআর, প্যানোরামা এবং নাইট মোডে ছবি তোলার সুযোগ থাকছে। রয়েছে ফেস ডিটেকশন, ডিজিটাল জুম, সেলফ টাইমার, অটো-ফোকাস, টাচ-ফোকাস ও টাচ-শট।
এই স্মার্টফোনে ব্যবহৃত হয়েছে ৫ দশমিক ৫ ইঞ্চির আইপিএস প্রযুক্তির এইচডি ডিসপ্লে। রয়েছে ৩৮০০ মিলিঅ্যাম্পিয়ারের লিথিয়াম পলিমার ব্যাটারি। ব্যাটারিসহ এর ওজন মাত্র ১৬৮ দশমিক ৩ গ্রাম।
দুটি সিম ব্যবহারের সুবিধাসম্পন্ন ফোনটি থ্রিজি নেটওয়ার্ক সমর্থন করে।
