বসুন্ধরায় বসেছে বস্ত্র ও পোশাক শিল্পের তিন প্রদর্শনী
রাজধানীর বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সিটিতে বস্ত্র ও পোশাক শিল্পের যন্ত্রপাতি, সুতা, কাপড়, রঙ, কাঁচামাল ও রাসায়নিকের তিনটি আন্তর্জাতিক প্রদর্শনী শুরু হয়েছে।
বৃহস্পতিবার চার দিনব্যাপী এসব প্রদর্শনীর উদ্বোধন করেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।
এক ছাদের নিচে ‘বিগটেক্স ২০১৭’, ‘বাংলাদেশ ইন্টারন্যাশনাল ফেব্রিক অ্যান্ড ইয়ার্ন এক্সপো ২০১৭’ ও ‘বাংলাদেশ ইন্টারন্যাশনাল ডাইজ, পিগম্যান্টস অ্যান্ড কেমিক্যাল এক্সপো ২০১৭’ নামের প্রদর্শনীগুলো চলবে রোববার পর্যন্ত, যা প্রতিদিন সকাল সাড়ে ১০টা থেকে রাত সাড়ে ৭টা পর্যন্ত উন্মুক্ত থাকবে।
প্রদর্শনীতে আসা বিদেশি ব্যবসায়ীদের উদ্দেশ্যে তোফায়েল আহমেদ বলেন, “পোশাক কারখানায় শ্রমিকদের নিরাপত্তা নিয়ে আন্তর্জাতিক মহলের সংশয় অনেকটাই দূর হয়ে গেছে, এখন কারখানাগুলো অনেক নিরাপদ। আমি বিদেশিদের বলতে চাই- বাংলাদেশ বিনিয়োগের জন্য খুব ভাল জায়গা।”
পোশাক শিল্পের এই প্রদর্শনী দেশি প্রস্তুতকারীদের নতুন ধারনা দেবে এবং বিশ্বের সর্বাধুনিক প্রযুক্তি ও যন্ত্রাংশের সাথে পরিচয় করিয়ে দেবে বলে মন্তব্য করেন ফারুক হাসান।
উদ্বোধনী অনুষ্ঠানে চায়না টেক্সটাইল মেশিনারি অ্যাসোসিয়েশনের ভাইস সেক্রেটারি জেনারেল ঝাও জিয়াওগাং, বাংলাদেশ গার্মেন্টস অ্যাকসেসরিজ অ্যান্ড প্যাকেজিং ম্যানুফেকচারারস অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতি আব্দুল কাদের খান, বাংলাদেশ আইডেনটিং এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মুহাম্মদ আইয়ুব, ওয়েল গ্রুপের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী অফিসার সৈয়দ নুরুল ইসলাম ও বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফেকচারারস অ্যান্ড এক্সপোর্টারস অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি মনসুর আহমেদ উপস্থিত ছিলেন।
