২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পর্তুগালের সঙ্গে যৌথ বিনিয়োগে আগ্রহী এফবিসিসিআই

পর্তুগালের সঙ্গে যৌথ বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছে ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই)।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Nov 2017, 10:00 PM

Updated : 19 Aug 2022, 06:01 PM

বৃহস্পতিবার পর্তুগালে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত রুহুল আলম সিদ্দিক এবং এফবিসিসিআই সভাপতি মো. শফিউল ইসলাম মহিউদ্দিনের মধ্যে একটি বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে এফবিসিসিআই নেতারা চামড়া, সিরামিক ও অন্যান্য সম্ভাবনাময় খাতে পর্তুগাল ও বাংলাদেশের যৌথ বিনিয়োগের ওপর গুরুত্বারোপ করেন।

এছাড়াও এফবিসিসিআই বাংলাদেশে পর্তুগালের প্রযুক্তি স্থানান্তরের ওপরও জোর দেয়।

রাষ্ট্রদূত রুহুল আলম সিদ্দিক বলেন, পর্তুগালে বসবাসকারী বাংলাদেশিরা সেদেশে বেশ প্রভাব এবং সুনামের সাথে ব্যবসা করছেন। পর্তুগালে টেক্সটাইল, চামড়া এবং সিরামিক শিল্পে বাংলাদেশি ব্যবসায়ীদের বিনিয়োগের অপার সম্ভাবনা রয়েছে।

রাষ্ট্রদূত পর্তুগালের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য বাড়াতে এফবিসিসিআই নেতাদের পর্তুগাল সফরের আমন্ত্রণ জানান।

এফবিসিসিআই সভাপতি মহিউদ্দিন বলেন, বাংলাদেশে যেহেতু একটি উৎসাহী ও উদ্যোগী উদ্যোক্তা শ্রেণি গড়ে উঠেছে, পর্তুগালে সম্ভাবনাময় বাণিজ্য স্থাপনে রাষ্ট্রদূত এই বাংলাদেশি উদ্যোক্তাদেরকে সহায়তা করতে পারেন।

এসময় এফবিসিসিআইর সহ-সভাপতি মো. মুনতাকিম আশরাফ, পরিচালক তাবারাকুল তোসাদ্দেক হোসেন খান টিটু এবং এফবিসিসিআইর ভারপ্রাপ্ত মহাসচিব জনাব হোসাইন জামিল উপস্থিত ছিলেন।