মোবাইল ব্যাংকিং: ৩ লাখ টাকার বেশি যাবে না রাখা
আগামী বছর থেকে মোবাইল ব্যাংকিং গ্রাহকরা ৩ লাখ টাকার বেশি স্থিতি বা ব্যালেন্স রাখতে পারবেন না।
আগে কোনো সীমা না থাকলেও ‘মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসেস (এমএফএস ) এর অপব্যবহার রোধে’ বাংলাদেশ ব্যাংক এই সিদ্ধান্ত নিয়েছে।
সোমবার কেন্দ্রীয় ব্যাংকের পেমেন্ট সিস্টেম ডিপার্টমেন্ট থেকে স্থিতির ঊর্ধ্বসীমা বেঁধে দেওয়ার এই কথা জানানো হয়।
এতে বলা হয়, “২০১৮ সালের জানুয়ারির এক তারিখ থেকে একজন এমএফএস গ্রাহক মোবাইল হিসাবে সর্বোচ্চ ৩ লাখ টাকা স্থিতি বা ব্যালেন্স রাখতে পারবেন।”
যাদের ৩ লাখ টাকার বেশি এমএসএফ হিসাবে আছে, তাদেরকে ৩১ ডিসেম্বরের মধ্যে নামিয়ে আনতে বলা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এমএসএফ হিসাবের অর্থ গ্রাহক তার ব্যাংক হিসাবে স্থানান্তর করতে পারবেন।
