২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মালয়েশিয়ায় বিনিয়োগের অনুমতি আকিজ গ্রুপকে

বেসরকারি শিল্পোদ্যোক্তা প্রতিষ্ঠান আকিজ গ্রুপকে মালয়েশিয়ায় বিনিয়োগের অনুমতি দিয়েছে সরকার।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Oct 2017, 06:16 PM

Updated : 19 Aug 2022, 05:50 PM

বিদেশে বিনিয়োগে বাংলাদেশের শিল্পোদ্যোক্তারা দাবি জানিয়ে আসার পরিপ্রেক্ষিতে বুধবার অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে আকিজ গ্রুপের প্রস্তাব নীতিগত অনুমোদন পায়।

সভা শেষে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মোস্তাফিজুর রহমান সাংবাদিকদের বলেন, “মালয়েশিয়াতে বিনিয়োগের প্রস্তাব দেওয়া হয়েছিল, কমিটি এটি অনুমোদন করেছে, কমিটি পজিটিভলিই এটি দেখেছে।”

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সভাপতিত্বে এই বৈঠকে আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে আকিজকে অনুমোদন দেওয়ার প্রস্তাবটি এসেছিল।

আকিজ গ্রুপকে বিদেশে বিনিয়োগের অনুমোদন দেওয়ার বিষয়ে মন্ত্রিসভা কমিটি কোনো পর্যবেক্ষণ দিয়েছে কি না- এ প্রশ্নে তিনি বলেন, “একটি প্রস্তাবই এসেছিল, যেভাবে প্রস্তাব এসেছে সেভাবেই অ্যাপ্রুভ হয়েছে।”

আকিজ জুট মিলস মালয়েশিয়ায় দুটি কোম্পানি অধিগ্রহণ করার জন্য ২ কোটি ডলার বিদেশে নিতে চায় বলে এর আগে গণমাধ্যমে খবর এসেছিল।

Image
বাংলাদেশের শীর্ষস্থানীয় শিল্প পরিবার আকিজ গ্রুপ

বাংলাদেশের শীর্ষস্থানীয় শিল্প পরিবার আকিজ গ্রুপ

অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় উপস্থাপনের জন্য আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অতিরিক্ত সচিব কামরুন নাহার আহমেদ স্বাক্ষরিত প্রস্তাবনায় বলা হয়, “বিষয়টি নিয়ে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে বাংলাদেশ ব্যাংকের মতামত চাওয়া হয়। এ নিয়ে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক-১ আহমেদ জামালকে প্রধান করে ‘বাংলাদেশি উদ্যোক্তা কর্তৃক বিদেশে বিনিয়োগ সংক্রান্ত প্রস্তাব মূল্যায়ন কমিটি (পিইসি)’ গঠন করা হয়।

“ওই কমিটি বিদেশি বিনিয়োগকারীদের আবেদনের পরিপ্রেক্ষিতে বিভিন্ন দিক যাচাই-বাছাই করে সম্প্রতি আকিজ গ্রুপ কর্তৃক মালয়েশিয়ায় বিনিয়োগের আবেদনে ইতিবাচক সাড়া দিয়েছে।”

তবে এর সঙ্গে ১৩টি শর্ত জুড়ে দেওয়া হয়েছে বলে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের প্রস্তাবে উল্লেখ ছিল।

১৯৪৭ সালের ফরেন এক্সচেঞ্জ রেগুলেশনের বিধি অনুযায়ী বাংলাদেশ থেকে বিদেশে বিনিয়োগ সম্পূর্ণ বন্ধ ছিল। ২০১৫ সালের সেপ্টেম্বরে আইনে সামান্য পরিবর্তন করে বিদেশে বিনিয়োগের দ্বার উন্মোচন করা হয়।

তবে বাছাই করা কয়েকটি কোম্পানিই বিনিয়োগের সুযোগ পাচ্ছে। এই সুযোগ অবাধ করার দাবি জানিয়ে আসছেন বাংলাদেশের শিল্পোদ্যোক্তারা।

মুদ্রা পাচার ঠেকাতেও বিদেশে বিনিয়োগের পথ উন্মুক্ত করা প্রয়োজন বলে মনে করেন অর্থনীতিবিদদের অনেকে।

এক সময় তামাকপণ্য উৎপাদনকারী আকিজ তাদের ব্যবসার পরিসর অনেক বাড়িয়ে এখন বাংলাদেশের শীর্ষ পর্যায়ের শিল্প গ্রুপ। ১৫টি শিল্প খাতে বিস্তৃত তাদের কারখানাগুলোয় মোট কর্মীর সংখ্যা ৩২ হাজার।

পুরনো খবর:

বিদেশে বিনিয়োগে আগ্রহীদের আশা দিলেন মুহিত
উদ্যোক্তাদের বিদেশে বিনিয়োগের সুযোগ দিতে সুপারিশ