২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দশ তরুণকে সম্মাননা দেবে জেসিআই

নিজ নিজ কর্মক্ষেত্রে ইতিবাচক ভূমিকা রাখা দশজন তরুণকে সম্মাননা দেবে জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল (জেসিআই)।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Sep 2017, 05:33 PM

Updated : 19 Aug 2022, 05:38 PM

বুধবার রাজধানীর একটি হোটেলে এক সংবাদ সম্মেলনে সংগঠনটি জানায়, এরই মধ্যে সফল তরুণ বাছাইয়ের কাজ শুরু হয়েছে।

‘টেন আউটস্ট্যান্ডিং ইয়াং পারসন (টিওওয়াইপি) অব বাংলাদেশ’ নামের কার্যক্রমের আওতায় পঞ্চম বারের মত এই সম্মাননা দিতে যাচ্ছে জেসিআই।

জেসিআইয়ের ন্যাশনাল ভাইস প্রেসিডেন্ট মীর শাহেদ আলী জানান, তরুণদের এই স্বীকৃতি দেওয়ার উদ্দেশ্য হলো দেশের জন্য কাজে তাদের উদ্বুদ্ধ করা, সেই সাথে তরুণদের সাফল্য গাঁথা দেশের সব তরুণদের মধ্যেও ছড়িয়ে দেওয়া।

তিনি আরও জানান, ১৮ থেকে ৪০ বছর বয়সের যে কেউ এই স্বীকৃতির জন্য আবেদন করতে পারবেন। জেসিআইয়ের ওয়েব পেইজে গিয়ে আগ্রহীদের আবেদন করতে হবে।

ব্যবসা, মানবসেবা, চিকিৎসাশাস্ত্র, সংস্কৃতিসহ নানা কাজের মাধ্যমে সমাজে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন এমন তরুণদেরই বাছাই করা হবে বলে জানান তিনি।

সংগঠনটির ন্যাশনাল প্রেসিডেন্ট আহমেদ এ রহমান, ন্যাশনাল সেক্রেটারি জেনারেল ইরফান ইসলাম, ইমিডিয়েট পাস্ট ন্যাশনাল প্রেসিডেন্ট শাখাওয়াত হোসেন মামুন, ন্যাশনাল ডিরেক্টর অ্যান্ড কো-চেয়ার অর্গানাইজিং কমিটি রেবেকা সুলতানা বিন্তিসহ জেসিআইয়ের অন্য সদস্যরা এসময় উপস্থিত ছিলেন।

যুক্তরাষ্ট্রভিত্তিক সংগঠন জেসিআই বিশ্বের ১২৪টি দেশের তরুণদের নিয়ে তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে। উন্নয়নের সুযোগ দেওয়ার মাধ্যমে তরুণদের মধ্যে ইতিবাচক পরিবর্তন আনার লক্ষ্য নিয়ে ১৯১৫ সাল যুক্তরাষ্ট্রের মিসৌরি অঙ্গরাজ্যের সেন্ট লুইসে এর যাত্রা শুরু হয়।