২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বেসরকারি আইসিডির লাইসেন্স বাতিল করা দরকার: অর্থমন্ত্রী

অদক্ষতা এবং চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষকে অসহযোগিতা করায় বেসরকারি কন্টেইনার ডিপোগুলোর (আইসিডি) লাইসেন্স বাতিল করা উচিৎ বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Aug 2017, 01:46 AM

Updated : 19 Aug 2022, 05:11 PM

সোমবার অর্থ মন্ত্রণালয়ে চট্টগ্রাম ও বেনাপোল বন্দর সপ্তাহে ৭ দিনই ২৪ ঘণ্টা করে খোলা রাখার বিষয়ে সংশ্লিষ্টদের নিয়ে এক সভায় তিনি এই মন্তব্য করেন।

গত ২ জুলাই সচিব সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা চট্টগ্রাম স্থল ও নৌ বন্দরে মালামাল আমদানি-রপ্তানির কাজে ২৪ ঘণ্টা কাস্টমস স্টেশন খোলা রাখার নির্দেশনা দিয়েছিলেন।

চট্রগ্রামে বেসরকারি ১৮টি আইসিডি বন্দরকে কোনো সহযোগিতা করছে না উল্লেখ করে মুহিত বলেন, “প্রাইভেট আইসিডি। আমার মনে হয় এগুলো সবগুলো ক্যান্সেল করা দরকার।

“আই শুড ক্যান্সেল অল দ্য লাইসেন্স। দে আর ইউজলেস। কিচ্ছু করছে না তো।”

সভায় চট্টগ্রাম বন্দর চেয়ারম্যান রিয়ার এডমিরাল এম খালেদ ইকবালের দৃষ্টি আকর্ষণ করে মুহিত বলেন,

“আপনি চেয়ারম্যান সাহেব, আপনারই বোধ হয় করার, না?”

চবক চেয়ারম্যান বলেন, “জি স্যার, নৌপরিবহন মন্ত্রণালয়ের নীতিমালাতেই আছে।”

বন্দরকে আরও গতিশীল করার উপর জোর দিয়ে অর্থমন্ত্রী বলেন, বন্দরে সময় নষ্ট হওয়া মানেই কষ্ট বৃদ্ধি।

রিয়ার এডমিরাল খালেদ ইকবাল বলেন, বৃষ্টিতে জলাবদ্ধতায় বন্দরে সমস্যা হচ্ছে। বন্দর ২৪ ঘণ্টা খোলা রাখতে ব্যাংকসহ সবার সহযোগিতা প্রয়োজন হবে।

তিনি চট্টগ্রাম বন্দরকে ‘থ্রাস্ট সেক্টর’ ঘোষণা দেওয়ারও সুপারিশ করেন।

চট্টগ্রামের কাস্টম কমিশনার এ এফ এম আব্দুল্লাহ খান বলেন, কাস্টমস হাউজে দিনে ১০ থেকে ১৫ বার বিদ্যুৎ বিভ্রাট হয়, এজন্য একটি ‘ডেটিকেটেড লাইন’ দরকার।

বন্দর ২৪ ঘণ্টা চালু রাখতে ব্যাংকও ২৪ ঘণ্টা খোলা রাখার বিষয়ে বাংলাদেশ ব্যাংকের নির্দেশনার সুপারিশ করেন আব্দুল্লাহ।

বিজিএমএ সভাপতি সিদ্দিকুর রহমান বলেন, বন্দরে স্কানিংসহ ইকুইপমেন্টগুলো এখনও কেনা হচ্ছে না।

“ব্যবসায় গ্রোথ নেই, আমাদের দেয়ালে পিঠ ঠেকে গেছে, ফ্যাক্টরি বন্ধ হয়েছে, অর্ডারও কমে যাচ্ছে।”

বন্দর ২৪ ঘণ্টা খোলা রাখার পর এক মাস কীভাবে চলছে এবং কী কী সমস্যা দেখা দিচ্ছে, তা সমাধানের উপায় নিয়ে ‘মনিটরিং কমিটি’  করে প্রতিবেদন জমা দেওয়ার সিদ্ধান্ত হয় সভায়।

পুরনো খবর:

২৪ ঘণ্টা বন্দর খোলা রাখা নিয়ে ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময়
‘৫০ বিলিয়ন ডলার রপ্তানির লক্ষ্য অর্জনে সক্ষম বন্দর’     
চট্টগ্রাম-বেনাপোল বন্দর অগাস্ট থেকে ২৪ ঘণ্টা খোলা