শ্রমিক কল্যাণ তহবিলে বিএটির ৭ কোটি টাকা
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিলে লভ্যাংশের ৬ কোটি ৯৩ লাখ ১৭ হাজার ৭৯০ টাকা দিয়েছে ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ।
সচিবালয়ে বুধবার কোম্পনিটির বাংলাদেশের মানব সম্পদ বিভাগের প্রধান রুমানা রহমানের নেতৃত্বে একটি প্রতিনিধিদল শ্রম সচিব মিকাইল শিপারের কাছে লভ্যাংশের অর্থের চেক হস্তান্তর করেন।
২০১২ সাল থেকে সরকারের শ্রমিক কল্যাণ তহবিলে লভ্যাংশের নির্দিষ্ট পরিমাণ অর্থ দিচ্ছে ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ। কোম্পানিটি এ পর্যন্ত এই তহবিলে ৩০ কোটি ৮০ লাখ টাকা দিল।
শ্রম মন্ত্রণালয়ের শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিলে মোট ২২৭ কোটি টাকা জমা পড়েছে।
শ্রম আইন অনুযায়ী, উৎপাদনশীল প্রতিষ্ঠানের এক বছরের নিট লভ্যাংশের পাঁচ শতাংশের মধ্যে চার শতাংশ অর্থ নিজ কোম্পানির শ্রমিকদের জন্য বরাদ্দ থাকে।
বাকি এক শতাংশের অর্ধেক প্রতিষ্ঠানের নিজস্ব শ্রমিক কল্যাণ তহবিল এবং বাকি অর্ধেক শ্রম মন্ত্রণালয়ের অধীন শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের তহবিলে জমা দিতে হয়।
এই তহবিল থেকে দুর্ঘটনাজনিত কারণে মৃত্যু, স্থায়ীভাবে অক্ষম, দুর্ঘটনায় আহত শ্রমিকের চিকিৎসা, মাতৃত্বকালীন এবং শ্রমিকের সন্তানদের উচ্চ শিক্ষায় অর্থ দেওয়া হচ্ছে।
এছাড়া প্রাতিষ্ঠানিক-অপ্রাতিষ্ঠানিক খাতে নিয়োজিত শ্রমিকদের যৌথ বীমার প্রিমিয়ামের অর্থও এই খাত থেকে দেওয়া হচ্ছে বলে শ্রম মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন।
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিলের মহাপরিচালক আনিসুল আউয়াল, ব্রিটিশ আমেরিকান টোব্যাকোর সাউথ এশিয়া অঞ্চলের আইআর অ্যান্ড চেঞ্জ ম্যানেজার মেহেদি আরিফ মোজাম্মেল এবং করপোরেট অ্যাফেয়ার্স বিভাগের পরামর্শক আখতার আনোয়ার খান চেক হস্তান্তরের সময় উপস্থিত ছিলেন।
