মুদ্রানীতিতে বেসরকারি খাতের ঋণের ‘সুযোগ বেড়েছে’
নতুন মুদ্রানীতিতে বেসরকারি খাতের ঋণ পাওয়ার সুযোগ বেড়েছে বলে মনে করছেন বাংলাদেশ ব্যাংকের অর্থনৈতিক উপদেষ্টা মো. আখতারুজ্জামান।
বৃহস্পতিবার ঢাকায় বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্ট (বিআইবিএম) মিলনায়তনে মুদ্রানীতি (জানুয়ারি-জুন) শীর্ষক এক কর্মশালায় তিনি বলেন, বাংলাদেশ ব্যাংকের নতুন মুদ্রানীতির (জানুয়ারি-জুন) কারণে বেসরকারি খাতে বড় অংকের ঋণ পাওয়ার সুযোগ সৃষ্টি হয়েছে। বিনিয়োগকারীরা এরইমধ্যে ঘোষিত মুদ্রানীতির এ বিশেষ সুযোগ নিতে শুরু করেছে। বেসরকারি খাত সহায়ক এমন মুদ্রানীতির কারণে ৭ শতাংশের বেশি প্রবৃদ্ধি অর্জন সম্ভব হবে।
বেসরকারি খাতের ঋণ পাওয়ার আরও সুযোগ রয়েছে উল্লেখ করে তিনি বলেন, সরকার বাজেটে ঘোষণা দিয়েও প্রয়োজন না হওয়ায় লক্ষ্যমাত্রা অনুযায়ী ব্যাংক ঋণ নিচ্ছে না। এ কারণে বেসরকারি উদ্যোক্তাদের আরও ২০ থেকে ৩০ হাজার কোটি টাকা ঋণ পাওয়ার সুযোগ রয়েছে।
তিনি বলেন, “ব্যাংকিং খাতে সুশাসন দিনে দিনে আরও বাড়ছে। তবে পুরনো খেলাপি ঋণের বোঝা এখনও ব্যাংকগুলোর ঘাড়ে চেপে আছে। তথ্য প্রযুক্তি ব্যবহারের কারণে ব্যাংকগুলোর আরও নজরদারি বাড়ানো সম্ভব হয়েছে।”
বিআইবিএমের সুপার নিউমারারি অধ্যাপক মো. ইয়াছিন আলীর সভাপতিত্বে এ কর্মশালায় বিভিন্ন সরকারি-বেসরকারি ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পূবালী ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক হেলাল আহমেদ চৌধুরী বলেন, বাংলাদেশ ব্যাংক নতুন মুদ্রানীতিতে অনেক ‘ব্যালান্স’ করে তৈরি করেছে।
“ব্যাংকের অর্থ শেয়ারবাজারে বিনিয়োগ নিয়ে সমালোচনা রয়েছে। বাংলাদেশ ব্যাংক এ খাতে হস্তক্ষেপ করেছে। তবে পুঁজিবাজারের উন্নয়নে ব্যাংকের অর্থ নয় বরং দরকার বন্ড মার্কেটের উন্নয়ন।”
