সিম জালিয়াতি: ডিস্ট্রিবিউটরের সঙ্গে বাংলালিংকের ব্যবসায়িক সম্পর্ক স্থগিত
বায়োমেট্রিক সিম নিবন্ধনে জালিয়াতির ঘটনায় তাৎক্ষণিক পদক্ষেপ হিসেবে ডিস্ট্রিবিউটর এমআর কমিউনিকেশনসের সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক স্থগিত করেছে মোবাইল ফোন অপারেটর বাংলালিংক।
পূর্ণাঙ্গ তদন্তের পরে আরও ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে অপারেটরটি।
মঙ্গলবার বাংলালিংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এমআর কমিউনিকেশনসের বিরুদ্ধে কথিত অসাধু উপায়ে রেজিস্ট্রেশনের মাধ্যমে সিম জালিয়াতির অভিযোগে (যার মধ্যে বাংলালিংকের ইস্যুকৃত সিম-ও থাকতে পারে) একাধিক কর্তৃপক্ষের নেওয়া পদক্ষেপ সম্পর্কে বাংলালিংক অবগত রয়েছে।
বাংলালিংক কোনো আইন বহির্ভূত কর্মকাণ্ডের বিষয়ে অবগত নয় এবং গ্রাহক যাচাই-এর ক্ষেত্রে নীতিমালা মেনে চলার ক্ষেত্রে সম্পূর্ণভাবে প্রতিশ্রুতিবদ্ধ।
তাৎক্ষণিক পদক্ষেপ হিসেবে বাংলালিংক ডিস্ট্রিবিউটর এমআর কমিউনিকেশনসের সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক স্থগিত করেছে এবং পূর্ণাঙ্গ তদন্তের পরে আরো ব্যবস্থা নেওয়া হবে বলে জানায় অপারেটরটি।
গত ৯ ফেব্রুয়ারি ভুয়া পরিচয়পত্রে মোবাইল ফোনের সিম নিবন্ধনের সঙ্গে জড়িত প্রতারক চক্রের ৬১ জনকে ঢাকার পল্লবী থেকে গ্রেপ্তার করে র্যাব। আটকরা ভুয়া জাতীয় পরিচয়পত্র তৈরি করে তা দিয়ে মোবাইল সিমকার্ড নিবন্ধন করে বিক্রি করছিল।
এমআর কমিউনিকেশনের কার্যালয়ে অভিযানে গ্রেপ্তারের বিষয়টি জানিয়ে র্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, “দেখা যায়, বাংলালিংক অপারেটরের মিরপুর অঞ্চলের (মিরপুর, শাহআলী, পল্লবী, পল্লবী, দারুস সালাম ও রূপনগর থানা) ডিস্ট্রিবিউটর ‘এমআর কমিউনিকেশন’ এর কার্যালয়ে তাদের কর্মচারীরা বিভিন্ন ব্যক্তির ছবি প্রিন্ট করা, ভুয়া ন্যাশনাল আইডি কার্ড বানানো এবং এসব ডকুমেন্ট ফাঁকা ফরমের সাথে সংযুক্ত করতে ব্যস্ত।”
সংশ্লিষ্টরা কোনো সদুত্তর দিতে না পারায় র্যাব তাদের আটক করে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়।
এবিষয়ে বাংলালিংকের প্রধান নির্বাহী কর্মকর্তা এরিক অস্ বলেন, “বাংলালিংক আইনের প্রতি সম্পূর্ণ শ্রদ্ধাশীল একটি কোম্পানি, যা সর্বোচ্চ মান নিয়ন্ত্রণ করে থাকে। বাংলালিংক তার সকল সরবরাহকারী এবং সহযোগীদের কাছ থেকেও একই পর্যায়ের মান নিয়ন্ত্রণ প্রত্যাশা করে এবং তা করতে বিফল হলে জিরো টলারেন্স নীতি অবলম্বন করা হয়”
তিনি বলেন, “বাংলালিংক বায়োমেট্রিক ভেরিফিকেশন প্রক্রিয়া সম্পূর্ণ সমর্থন করে এবং প্রথম থেকেই এই গুরুত্বপূর্ণ উদ্যোগকে সক্রিয় সমর্থন দিয়ে আসছে।”
