নতুন বস্ত্র নীতি অনুমোদন
কোন কোন খাতে আর্থিক প্রণোদনা দেওয়া হবে সেসব বিষয় যুক্ত করে নতুন বস্ত্র নীতি অনুমোদন করেছে সরকার।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সোমবার সচিবালয়ে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে ‘বস্ত্রনীতি- ২০১৭’ এর খসড়া অনুমোদন দেওয়া হয়।
সভা শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সাংবাদিকদের জানান, ১৯৯৫ সালের বস্ত্র নীতিকে হালনাগাদ করে নতুন নীতি করা হয়েছে।
“মানবসম্পদ উন্নয়নের বিষয় নীতিতে যুক্ত করা হয়েছে। রাজস্ব আর্থিক প্রণোদনা কোন কোন খাতে দেওয়া হবে, সে বিষয়েও বলা হয়েছে। বস্ত্রখাতে বিদেশি বিনিয়োগ কী হবে, তাদের জন্য কী সুযোগ-সুবিধা থাকবে, তাও বলা হয়েছে নীতিতে।”
তবে নতুন বস্ত্র নীতি অনুযায়ী কোন কোন খাতে আর্থিক প্রণোদনা দেওয়া হবে সে বিষয়ে বিস্তারিত কিছু জানান মন্ত্রিপরিষদ সচিব।
আগের বস্ত্র নীতিতে ভিশন-মিশনের বিষয়ে বলা ছিল না জানিয়ে শফিউল আলম বলেন, নতুন নীতিতে এসব যুক্ত করা হয়েছে, উদ্দেশ্যটাও বিস্তারিত বলা হয়েছে।
নতুন নীতিমালায় বস্ত্রখাতে বিভিন্ন উপখাত সংক্রান্ত উদ্যোগের বিষয়ে বলা হয়েছে জানিয়ে মন্ত্রিপরিষদ সচিব বলেন, বস্ত্র শিল্পের কাঁচামাল উৎপাদন ও সরবরাহের বিষয়গুলো বিস্তারিত তুলে ধরা হয়েছে।
নতুন বস্ত্রনীতির উদ্দেশ্যের বিষয়ে শফিউল বলেন, “কর্মসংস্থান বৃদ্ধির উপযোগী করে বস্ত্র ও পোশাক খাতকে গড়ে তোলা, বস্ত্র পণ্যের অভ্যন্তরীণ চাহিদার সিংহভাগ পূরণ এবং মধ্য ও উচ্চমূল্য সংযোজিত রপ্তানিমূখী তৈরি পোশাক শিল্পের চাহিদা পূরণের লক্ষ্যে প্রাথমিক বস্ত্র শিল্পের উন্নয়ন।”
প্রাথমিক বস্ত্রখাতের সুষম উন্নয়নে স্পিনিং, উইভিং, নিটিং, ডাইং, প্রিন্টিং, ফিনিশিং, হোশিয়ারি, হোম টেক্সটাইল, টেরিটাওয়েল, রপ্তনিমুখী তৈরি পোশাক, রেশম শিল্প প্রভৃতি উপখাতের ভূমিকা বিবেচনায় পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নের বিষয়েও নীতিতে বলা আছে বলে জানান শফিউল আলম।
পরমাণু শক্তি কমিশন আইন
‘বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন আইন, ২০১৭’ এর খসড়া চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।
মন্ত্রিপরিষদ সচিব বলেন, ১৯৭৩ সালের বাংলাদেশ এটমিক এনার্জি অর্ডারকে বাংলায় অনুবাদ করে আপডেট করে নিয়ে আসা হয়েছে। আগের বিষয়গুলোই নতুন আইনে আনা হয়েছে।
বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ে অভিজ্ঞতাসম্পন্ন একজন চেয়ারম্যান ও চারজন সদস্যের সমন্বয়ে একটি কমিশন গঠিত হবে জানিয়ে শফিউল বলেন, সরকার নির্ধারিত শর্তে তারা নিযুক্ত হবেন, চেয়ারম্যান হবেন সংস্থার প্রধান।
এই কমিশন খাদ্য, কৃষি, স্বাস্থ্য, চিকিৎসা, পরিবেশ ও শিল্পের ক্ষেত্রে পরমাণু শক্তির শান্তিপূর্ণ ব্যবহারের প্রসার, ইলেকট্রনিক যন্ত্রপাতির নকশা ও প্রযুক্তি এবং ব্যবহারিক সামগ্রির উন্নয়ন করবে।
শিক্ষা ও সেবা বিষয়ে কার্যক্রম পরিচালনা ছাড়াও পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র ও বিদ্যুৎ উৎপাদন সম্পর্কিত উন্নয়ন প্রকল্পের বাস্তবায়ন, গবেষণা উন্নয়নকেন্দ্র স্থাপনে এই কমিশন কাজ করবে বলে জানান মন্ত্রিপরিষদ সচিব।
রাজশাহী, কক্সবাজার ও চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ আইনের আদলে খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ আইনের খসড়ার নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।
এছাড়া সোমবারের মন্ত্রিসভায় ‘বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট আইন, ২০১৭’ এর খসড়ার চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে বলে মন্ত্রিপরিষদ সচিব জানিয়েছেন।
