হার্ডওয়্যার শিল্পের বিকাশে তৈরি হচ্ছে ‘ইকোসিস্টেম’: পলক
ল্যাপটপ, ট্যাব ও মোবাইল ফোন উৎপাদনসহ হার্ডওয়্যার শিল্পের বিকাশে দেশে একটি সমন্বিত ব্যবস্থা বা ‘ইকোসিস্টেম’ দাঁড় করানোর উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
প্রতিমন্ত্রী বলেন, “এস্টাবলিশিং ডিজিটাল কানেকটিভিটি’ প্রকল্পের আওতায় হার্ডওয়্যার শিল্পের বিকাশের লক্ষ্যে বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ে ভিএলএসআই ল্যাব স্থাপন করার সিদ্ধান্ত নিয়েছি।
“দেশেই আমরা চিপ ডিজাইন করব, মাদারবোর্ড তৈরি করব। এখানেই যেন ল্যাপটপ, ট্যাব, মোবাইল ফোনগুলো তৈরি করতে পারি তার জন্য ইকোসিস্টেম দাঁড় করতে উদ্যোগ গ্রহণ করেছি।”
পলক আরও বলেন, “সফটওয়্যার এক্সপোর্টে আমরা ভাল করছি, সার্ভিস সেক্টরেও গ্রোথ খুবই ভালো। এবার হার্ডওয়্যার সেক্টরে ইকোসিস্টেম দাঁড় করাতে আমরা মনোযোগী হয়েছি।”
ডিজিটাল কানেকটিভিটি প্রতিষ্ঠার আওতায় আগামী পাঁচ বছরে বাংলাদেশের দুই লাখ প্রতিষ্ঠানে ইন্টারনেট ব্রডব্যান্ড কানেটটিভি পৌঁছে দেওয়া হবে বলে জানান পলক।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ইয়াফেস ওসমান বলেন, বাংলাদেশের ছেলেমেয়েরা অনেক ক্রিয়েটিভ। ফ্রিল্যান্সার হিসেবে তারা সুনাম কুড়িয়েছে, দেশের তরুণ প্রজন্ম এ খাতে অসম্ভব ঘটনা ঘটাচ্ছে।
বিভিন্ন স্মার্টফোন নির্মাতা কোম্পানিকে বাংলাদেশে তাদের কারখানা স্থাপনের আহ্বান জানান বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) এর সভাপতি মোস্তাফা জব্বার।
তিনি বলেন, “আমরা দেশে উৎপাদিত পণ্য ব্যবহার করতে চাই। তাই আপনারা আপনাদের ফ্যাক্টরি বাংলাদেশ নিয়ে আসেন। বাংলাদেশে আরো ৪ কোটি স্মার্টফোনের বাজার রয়েছে এবং এখানে ফ্যাক্টরি স্থাপনের মাধ্যমে পাশ্ববর্তী দেশেগুলোতে বাজার ধরারও সুযোগ রয়েছে।”
এছাড়াও সিম্ফনি মোবাইল মার্কেটিং বিভাগের ডেপুটি জেনারেল ম্যানেজার মো. আসাদুজ্জামান, অপ্পো বাংলাদেশ কমিউনিকেশন ইকুইপমেন্ট কোম্পানি লিমিটেডের হেড অব মার্কেটিং ব্রুস লি, লিনেক্স মোবাইলের এজিএম (সেলস) নেছারউদ্দিন ও এক্সপো মেকারের হেড অব অপারেশনস নাহিদ হাসনাইন সিদ্দিকী বক্তব্য রাখেন।
রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শুরু তিন দিনব্যাপী এই মেলা শনিবার পর্যন্ত চলবে। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত মেলা উন্মুক্ত থাকবে।
এবারের মেলার প্লাটিনাম স্পন্সর হিসেবে স্যামসাং, গোল্ড স্পন্সর হিসেবে হুয়াওয়ে ও সিলভার স্পন্সর হিসেবে লিনাক্স মোবাইল, অপ্পো, সিম্ফনি ও উই এবং টিকেট বুথ স্পন্সর হিসেবে রয়েছে কিকশা ডটকম। পার্টনার হিসেবে রয়েছে এডুমেকার, পিপলস রেডিও এবং টেকশহর ডটকম।
