বৃহস্পতিবার শুরু হচ্ছে স্মার্টফোন ও ট্যাব মেলা
আধুনিক স্মার্টফোন ও ট্যাবলেট কম্পিউটারের পসরা নিয়ে রাজধানীতে শুরু হচ্ছে ‘এডাটা স্মার্টফোন ও ট্যাব এক্সপো ২০১৭’।
২৬ থেকে ২৮ জানুয়ারি রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হবে এই মেলা। এটি এক্সপো মেকারের সপ্তম আয়োজন।
মঙ্গলবার সোনারগাঁও হোটেলে এক সংবাদ সম্মেলনে মেলার টাইটেল স্পন্সর এডাট এর প্রোডাক্ট ম্যানেজার নাজিম উদ্দিন ইমন বলেন, “আমরা বরাবরই মোবাইল অ্যাক্সেসরিজ নিয়ে স্মার্টফোন ও ট্যাব এক্সপোতে অংশগ্রহণ করে থাকি। এবার আরও বড় পরিসরে অংশগ্রহণ করতে টাইটেল স্পন্সর হিসেবে অংশগ্রহণ করেছি। মেলায় ক্রেতাদের জন্য আকর্ষনীয় ছাড় ও উপহার থাকবে।”
স্যামসাং ইলেকট্রনিক্স বাংলাদেশের হেড অব মোবাইল মো. মাইদুর রহমান জানান, এবারের মেলায় শুধু ফোন নয়, ক্রেতাদের প্রয়োজনীয় আধুনিক সব ফিচারের সমন্বয় ঘটিয়ে সর্বশেষ পণ্যগুলো নিয়ে হাজির হবেন তারা। শুধু মেলা উপলক্ষে ‘আর্লি বার্ড’ ও ‘প্রি-অর্ডারের’ সুবিধাও দেবেন তারা।
হুয়াওয়ে ডিভাইস বিজনেস ডিপার্টমেন্ট বাংলাদেশের সেলস ডিরেক্টর জিয়াউদ্দিন চৌধুরী বলেন, “এবারের মেলায় হুয়াওয়ের পক্ষ থেকে আকর্ষনীয় ছাড় ও ক্যাশব্যাক অফার থাকবে। আমরা চেষ্টা করব ইউজার জেনারেটেড এক্সপেরিয়েন্সগুলো দেওয়ার জন্য।”
এডিসন গ্রুপ মেলায় বেশ কয়েকটি নতুন মোবাইল ফোন নিয়ে আসছে বলে জানান বিপণন ব্যবস্থাপক আশরাফুল হক। বাজারে নতুন আসা উই স্মার্ট সল্যুউশনস, লিনাক্স মোবাইলের অধিকর্তারা জানান, আধুনিকতম প্রযুক্তির মোবাইল, ট্যাবলেটগুলো তুলে ধরা হবে এবারের মেলায়।
সংবাদ সম্মেলনে জানানো হয়, এবারের মেলায় বিশ্বখ্যাত সব ব্র্যান্ডের স্মার্টফোন ও ট্যাবলেট পাওয়া যাবে। ইতিমধ্যে স্যামসাং, হুয়াওয়ে, লিনাক্স মোবাইল, অপ্পো, সিম্ফনি, উই, লাভা, শাওমি, মাইসেল, মাইক্রোম্যাক্স, লেনোভো, কুলপ্যাড, ম্যাঙ্গো, মিউজু, সেলস্ট্রিম, গ্যাজেট গ্যাং সেভেন, কিকশা ডটকম, আজকের ডিল ডটকমসহ বিভিন্ন ব্র্যান্ড ও প্রতিষ্ঠান তাদের অংশগ্রহণ নিশ্চিত করেছে।
এবারের মেলার প্ল্যাটিনাম স্পন্সর হিসেবে স্যামসাং, গোল্ড স্পন্সর হিসেবে হুয়াওয়ে ও সিলভার স্পন্সর হিসেবে লিনাক্স মোবাইল, অপ্পো, সিম্ফনি ও উই এবং টিকেট বুথ স্পন্সর হিসেবে রয়েছে কিকশা ডটকম। পার্টনার হিসেবে রয়েছে এডুমেকার, পিপলস রেডিও এবং টেকশহর ডটকম।
মেলায় ‘স্মার্ট ব্যাটল ২০১৭’ নামক কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। এতে বিজয়ীরা হুয়াওয়ে, লাভা ও লিনাক্স মোবাইলের পক্ষ থেকে স্মার্টফোনসহ আকর্ষণীয় পুরস্কার পাবেন।
প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত মেলা উন্মুক্ত থাকবে।
