২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাত অর্থনৈতিক অঞ্চলে গ্যাস সংযোগে চুক্তি

প্রাক যোগ্যতা সনদ পেয়ে অবকাঠামো নির্মাণে এগিয়ে থাকা সাতটি বেসরকারি অর্থনৈতিক অঞ্চলে গ্যাস সংযোগ দিতে তিতাস গ্যাসের সঙ্গে ত্রি-পক্ষীয় সমঝোতা চুক্তি করেছে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ, বেজা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jan 2017, 11:47 PM

Updated : 11 Oct 2022, 01:23 PM

বুধবার ঢাকার একটি হোটেলে সংশ্লিষ্ট অর্থনৈতিক অঞ্চলগুলোর প্রতিনিধি, বেজা ও তিতাসের সচিবরা নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে সই করেন।

অর্থনৈতিক অঞ্চলগুলো হল- আমান ইকোনমিক জোন, আকিজ ইকোনমিক জোন, আরিশা ইকোনমিক জোন, বে ইকোনমিক জোন, মেঘনা ইকোনমিক জোন, সোনারগাঁও অর্থনৈতিক অঞ্চল ও মেঘনা ইন্ডাস্ট্র্রিয়াল অর্থনৈতিক অঞ্চল।

দ্রুত অর্থনৈতিক উন্নয়নে শিল্পায়ন, কর্মসংস্থান, উৎপাদন এবং রপ্তানি বৃদ্ধি ও বহুমুখীকরণে অর্থনৈতিক অঞ্চল স্থাপনে বেসরকারি উদ্যোক্তাদের সহায়তা করছে বেজা্। এর অংশ হিসেবে বেজা ইতোমেধ্যে ১১টি প্রতিষ্ঠানকে ১৩টি বেসরকারি অর্থনৈতিক অঞ্চল করার প্রি-কোয়ালিফিকেশন লাইসেন্স দিয়েছে।

এসব প্রতিষ্ঠানের মধ্যে অবকাঠামো নির্মাণ, বিদেশি বিনিয়োগ সৃষ্টি ও অন্যান্য কাজে এগিয়ে থাকা সাতটি প্রতিষ্ঠানকে প্রতিশ্রুতি অনুযায়ী গ্যাস সংযোগ দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে বলে বেজার পক্ষ থেকে জানানো হয়।

অনুষ্ঠানে জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সচিব নাজিম উদ্দিন চৌধুরী, বিদ্যুৎ বিভাগের আহমদ কায়কাউস, পরিবেশ ও বন মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব ইসতিয়াক আহমদ, পেট্রোবাংলার চেয়ারম্যান আবুল মানসুর মোহাম্মদ ফয়জুল্লাহ বক্তব্য রাখেন।

বেজার নির্বাহী চেয়ারম্যান পবন চৌধুরী বলেন, নতুন অর্থনৈতিক অঞ্চলে গ্যাস সংযোগের কোনো সমস্যা হবে না। সরকারের সব দপ্তর বেজার এই উদ্যোগে সহায়তা করছে।

গ্যাস, বিদ্যুৎসহ ইউটিলিটির সব সুবিধা এসব অর্থনৈতিক অঞ্চলগুলো পাবে বলে আশ্বস্ত করেন তিনি।  

জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সচিব নাজিম উদ্দিন চৌধুরী বলেন, অর্থনৈতিক অঞ্চলগুলোতে গ্যাস সরবরাহ সরকারের অন্যতম অগ্রাধিকার কাজ। এতে সিস্টেম লস কমে আসবে ও এক জায়গায় সব সেবা দেওয়া সম্ভব হবে।

অনুষ্ঠানে আকিজ গ্রুপের পক্ষ থেকে শেখ বাশির উদ্দিন, আমান গ্রুপের তরিকুল ইসলাম, আরিশা গ্রুপের আসলামুল হক, বে গ্রুপের জিয়াউর রহমান, মেঘনা গ্রুপের তানভীর আহমেদ, সোনারগাঁও গ্রুপের মো. মহসীন বক্তব্য রাখেন।