মেলায় ঘুরাফেরা, সাথে কেনাকাটা
সাপ্তাহিক ছুটির দিনে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় পরিবারসহ এসেছেন শহর ও শহর উপকণ্ঠের কর্মব্যস্ত মানুষজন।
মেলার বিশাল প্রাঙ্গণে দিনভর ঘুরাফেরা ফাঁকে ফাঁকে তাদের অনেকেই কিনে নিয়েছেন পছন্দের গৃহস্থালি পণ্য, সুস্বাদু বিস্কুট, প্যাকেটজাত খাবার, প্লাস্টিকপণ্যসহ হরেক রকম জিনিসপত্র।উঠতি বয়সী তরুণীদের ভিড় দেখা গেছে দেশি-বিদেশি প্রসাধনীর স্টলগুলোতে।
শুক্রবার ছুটির দিনে বিকাল ৩টা নাগাদ আগারগাঁওয়ে মেলা প্রাঙ্গণে দর্শনার্থীদের উপচে পড়া ভিড় দেখা যায়নি, যা সাধারণ অন্যান্য ছুটির দিনগুলোতে ঘটে থাকে।
দুপুরে মেলার মাঠে কাপড় বিছিয়ে বিশ্রাম নিচ্ছিলেন পুরান ঢাকার লালবাগ থেকে সপরিবারে মেলায় ঘুরতে আসা জহিরুল ইসলাম। স্ত্রী, দুই সন্তান ও খালাতো ভাই মাজেদুলকে নিয়ে বাসায় তৈরি খিচুরি খাচ্ছিলেন তারা।
মেলা থেকে কিছু প্লাস্টিকের পণ্য কিনেছেন জহিরুল, বললেন, “পকেটে ১৫ হাজার টাকা নিয়ে এসেছি। পছন্দ হলে হয়তো আরও কিছু কেনাকাটা করবো।
পরিবার নিয়ে ঘুরাফেরা করতে ও রকমারি পণ্যের পসরা দেখতে প্রতিবছরই মেলায় আসেন বলে জানান তিনি।
কোকোলা ফুড প্রডাক্টের বিপণন বিভাগের প্রধান আব্দুল্লাহ আল মামুন বলেন, এবারের মেলায় তেমন বেচাকেনা দেখছেন না তিনি। সবাই অ্যালুমিনিয়াম ও প্লাস্টিকের কিছু আসবাবপত্র কিনছে।
মেলা থেকে নিজে কিছু রান্নাঘরের আসবাবপত্র কিনেছেন জানিয়ে তিনি বলেন, সাধারণত দর্শনার্থীরা এসবই কিনছেন।
থাই-তুর্কি প্যাভিলিয়নে সমাগম
এবারের মেলায় ভারত, পাকিস্তান, ইরানসহ কয়েক দেশের পণ্যের জন্য বিশেষ প্যাভিলিয়ন থাকলেও সেখানে দর্শক সমাগম খুব একটা লক্ষ্য করা যায়নি।
অন্য দিকে তুরস্কের জন্য নির্ধারিত প্যাভিলিয়নে গৃহসজ্জার ঝাড়বাতি, চাবির রিং, ব্রেসলেট, রঙিন বাতি দর্শনার্থীদের আগ্রহ কেড়েছে।
ব্রেসলেটের দোকানের কর্মী সোহেল জানান, তাদের ইসলামী ক্যালিওগ্রাফিগুলো ৫০০ থেকে এক হাজার টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া গত ১২ দিনে ৫ হাজারেরও বেশি ব্রেসলেট ও চাবির রিং বিক্রি হয়েছে।
