২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইসলামী ব্যাংক কর্মীদের বেতন বাড়ানোর ঘোষণা

অন্যান্য ব্যাংকের তুলনায় ইসলামী ব্যাংকের কর্মীদের বেতন কম হওয়ায় বেসরকারি ব্যাংকটির সব কর্মকর্তা-কর্মচারীর বেতন বাড়ানোর ঘোষণা দিয়েছেন নতুন চেয়ারম্যান আরাস্তু খান।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jan 2017, 11:00 PM

Updated : 19 Aug 2022, 03:27 PM

এখন থেকে ব্যাংকটিতে সব নিয়োগ-পদোন্নতি মেধার ভিত্তিতে হবে বলেও ঘোষণা করেছেন তিনি।

গত সপ্তাহে ইসলামী ব্যাংকের চেয়ারম্যানের দায়িত্বে আসা সাবেক সচিব আরাস্তু খান বৃহস্পতিবার ব্যাংকের ব্যবসায় উন্নয়ন সম্মেলনে বক্তব্যে এ ঘোষণা দেন। ওই সম্মেলনে ব্যাংকটির ৩১৮ শাখার ব্যবস্থাপকসহ শীর্ষ পর্যায়ের পাঁচ শতাধিক কর্মকর্তা রয়েছেন।

ব্যাংক কর্মকর্তাদের উদ্দেশে চেয়ারম্যান বলেন, “অন্য ধর্মের কেউ শরিয়া মেনে ব্যাংকিং করতে চাইলে নিয়োগ দেওয়া হবে। তবে নিয়োগ, পদোন্নতি-সবই মেধার ভিত্তিতে হবে।”

ইসলামী ব্যাংকের কারও চাকরি যাবে না বলে কর্মীদের আশ্বস্ত করে তিনি বলেন, “ব্যাংকের কেউ কোনো দলের রাজনীতি করবেন না। এ ব্যাংকের কর্মীদের বেতন অন্যদের চেয়ে কম। সেজন্য সবার বেতন বাড়ানো হবে।”

রাজধানীর সোনারগাঁও হোটেলে দুই দিনব্যাপী এই সম্মেলন আহ্বান করেছিল ইসলামী ব্যাংকের আগের ব্যবস্থাপনা কমিটি।

মালিকানা, পরিচালনা ও ব্যবস্থাপনায় কয়েক ধাপে পরিবর্তন আনার মধ‌্যে গত ৫ জানুয়ারি ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদের ২৪০তম সভায় আরাস্তু খানকে চেয়ারম‌্যানের দায়িত্ব দেওয়া হয়, যে দায়িত্ব আগে পালন করে আসছিলেন জামায়াতঘনিষ্ঠ প্রতিষ্ঠান হিসেবে পরিচিত ইবনে সিনা ট্রাস্টের মুস্তাফা আনোয়ার।

ব্যাংকের নির্বাহী কমিটির চেয়ারম্যান সৈয়দ আহসানুল আলমকে পরিচালনা পর্ষদের ভাইস চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হয়। ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্বে আসেন ডিএমডি আবদুল হামিদ মিঞা।

Image
আরাস্তু খান (ফাইল ছবি)

আরাস্তু খান (ফাইল ছবি)

এ বিষয়ে নতুন চেয়ারম্যান বলেন, “ব্যাংকের পরিবর্তনে গভর্নর খুশি। অর্থমন্ত্রী ভালোভাবে নিয়েছেন। ভেরি পজিটিভ।”

ব্যবস্থাপনা পরিচালক হামিদ মিঞার সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপব্যবস্থাপনা পরিচালক  মাহবুব-উল-আলম।

এরপর নতুন ভাইস চেয়ারম্যান সৈয়দ আহসানুল আলম বলেন, “সারা দেশ থেকে টাকা তুলে খাতুনগঞ্জ, মতিঝিল, বনানীতে ঋণ দিলে চলবে না। সারা দেশে ঋণ ছড়িয়ে দিতে হবে। এ বছর আড়াই হাজার কোটি টাকা মুনাফা করতে হবে।”

সম্মেলনে জানানো হয়, ২০১৬ সাল পর্যন্ত ব্যাংকের আমানতের পরিমাণ দাঁড়িয়েছে ৬৮ হাজার ৩৩ কোটি টাকা। ২০১৫ সালের তুলনায় তা ৬ হাজার ৫০০ কোটি টাকা বেশি।

এর মধ্যে সুদবিহীন আমানত ৬ হাজার ৭৪৩ কোটি টাকা। একই সময়ে ঋণের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ৬৫ হাজার কোটি টাকা এবং গ্রাহক সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ কোটি ২০ লাখ।

পুরনো খবর:

ইসলামী ব্যাংক হবে পেশাদারদের: আরাস্তু খান
সরকারের বড় প্রকল্পে আসতে চায় ‘বদলে যাওয়া’ ইসলামী ব‌্যাংক