২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘ইন্টারনেটে ভর করে’ রাজস্ব বেড়েছে রবির

চলতি বছরের তৃতীয় প্রান্তিকে রবি আজিয়াটা লিমিটেডের রাজস্ব আয়ে ১১ দশমিক ৫ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Nov 2016, 05:24 PM

Updated : 12 Apr 2022, 03:22 AM

২০১৬ সালের জুলাই-সেপ্টেম্বর সময়ে রবি একহাজার ৩৯০ কোটি টাকার রাজস্ব আয় করেছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

এতে বলা হয়, ইন্টারনেট ব্যবসার প্রসারে রাজস্ব বৃদ্ধি পেলেও বায়োমেট্রিক পদ্ধতিতে পুনঃনিবন্ধনের বাইরে থাকা সিম বন্ধ করে দেওয়ায় এই সময়ে গ্রাহকসংখ্যা কিছুটা কমে ২ কোটি ৩৮ লাখে নেমেছে।

গত বছরের একই সময়ের তুলনায় এবছর মোট রাজস্ব ১ শতাংশ কমলেও ইন্টারনেট সেবা থেকে রাজস্ব ৩৪ দশমিক ১ শতাংশ বেড়েছে।

গত ১৬ নভেম্বর থেকে এয়ারটেল রবির সঙ্গে একীভূত হওয়ার পর প্রায় ৩ কোটি ২২ লাখ সক্রিয় গ্রাহক নিয়ে বর্তমানে রবি বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম মোবাইল ফোন অপারেটর।যা দেশের মোট মোবাইল ফোন গ্রাহকের ২০ দশমিক ৫ শতাংশ।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জুলাই-সেপ্টেম্বর সময়ে নেটওয়ার্ক বিস্তারে রবি ২৯০ কোটি টাকা ব্যয় করেছে।

রবির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মাহতাব উদ্দিন আহমেদ বলেন, “তৃতীয় প্রান্তিকে মোবাইল ফোন সেবা থেকে আমাদের রাজস্ব লক্ষণীয় পরিমাণে বৃদ্ধি পেয়েছে। তবে চলতি বছরের ৩১ মের পর বায়োমেট্রিক নিবন্ধনহীন সিমের সংযোগ বন্ধ করে দেওয়ার ফলে ব্যবসায়িক অগ্রগতিতে নেতিবাচক প্রভাব পড়েছে।”

তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন

# মোবাইল ফোন সেবা থেকে লক্ষ্যণীয় রাজস্ব বৃদ্ধি ও ব্যয় ব্যবস্থাপনা কর্মসূচি গ্রহণের ফলে পূর্ববর্তী প্রান্তিক থেকে এ প্রান্তিকে পরিচালন মুনাফা (ইবিআইটিডিএ) ১২ দশমিক ১ শতাংশের বেশি বৃদ্ধি পেয়ে ৪৫০ কোটি টাকায় পৌঁছেছে।

# চট্টগ্রাম ও কুমিল্লা এলাকায় নেটওয়ার্ক আধুনিকায়নে সম্পদের অবচয় বৃদ্ধি পাওয়ায় ২০১৬ সালের তৃতীয় প্রান্তিকে করপরবর্তী মুনাফার (পিএটি) পরিমাণ দাঁড়িয়েছে এককোটি ৭৬ লাখ টাকায়।

# এসময়ে রবি রাষ্ট্রীয় কোষাগারে জমা দিয়েছে ৩৫০ কোটি টাকা, যা তৃতীয় প্রান্তিকের মোট রাজস্বের ২৫ দশমিক ৩ শতাংশ।   

# কোম্পানির কার্যক্রম শুরুর পর থেকে চলতি বছরের তৃতীয় প্রান্তিক পর্যন্ত রবির মোট মূলধনী ব্যয়ের পরিমাণ ১৭ হাজার ৫২০ কোটি টাকা।

# ৮ হাজার ৭০০টির বেশি সাইট নিয়ে দেশের ৬৪টি জেলাতেই রয়েছে রবির নেটওয়ার্ক, যার মধ্যে ৫ হাজার ২০০টির বেশি ৩.৫জি সাইট।

# তৃতীয় প্রান্তিকে রবি রাষ্ট্রীয় কোষাগারে জমা দিয়েছে ৩৫০ কোটি টাকা, যা এ প্রান্তিকের মোট রাজস্বের ২৫ দশমিক ৩ শতাংশ।

# ১৯৯৭ সালে কার্যক্রম শুরুর পর থেকে রবি এ পর্যন্ত রাষ্ট্রীয় কোষাগারে জমা দিয়েছে ১৭ হাজার ৩০ কোটি টাকা। অন্য দিকে একই সময়ে শেয়ারহোল্ডারদের লভ্যাংশ হিসেবে দিয়েছে ২৯০ কোটি টাকা।

রবি আজিয়াটা লিমিটেড মালয়েশিয়ার আজিয়াটা গ্রুপ বারহাদ, ভারতের ভারতী এয়ারটেল লিমিটেড এবং জাপানের এনটিটি ডকোমো ইনকর্পোরেশনের একটি যৌথ উদ্যোগ।

রবিতে আজিয়াটার সিংহভাগ-৬৮ দশমিক ৭ শতাংশ, ভারতী এয়ারটেলের ২৫ শতাংশ ও এনটিটি ডকোমোর ৬ দশমিক ৩ শতাংশ মালিকানা রয়েছে।

পুরনো খবর:

এক হল রবি-এয়ারটেল
আদালতের সায় পেল রবি-এয়ারটেল
একীভূতকরণ বাজারে টিকে থাকারই কৌশল: আজিয়াটা প্রেসিডেন্ট